২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি গুণেও ইলিশ কিনে খুশি

সার বেধে সাজানো রুপোলি ইলিশ; আকারে ছোট যেমন আছে তেমনি আছে চোখ জুড়ানো কেজি দুইয়ের। বাজারে ঢুকে চড়া দাম শুনে মুখ ভার হলেও দরদামে এই মাছ হাতে ওঠার পর খুশির ঝিলিক দেখা যায় অধিকাংশ ক্রেতার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পহেলা বৈশাখের আগের দিন বুধবার রাজধানীর কারওয়ানবাজারে ইলিশ বাজারের এমন চিত্র দেখা যায়। ক্রেতাদের মন ভোলাতে পারলে দামে ৫০০ থেকে হাজার টাকার হের ফের করে মাছটি গছিয়ে দিতে দেখা যায় বিক্রেতাদের।

এদিন এক থেকে দেড় কেজি ওজনের একটি ইলিশ দুই থেকে তিন হাজার টাকায় বিক্রি হতে দেখা যায়। কয়েকদিন আগেও হাজার থেকে ১২শ’ টাকায় এসব মাছ বিক্রি হয়।

পান্তা-ইলিশ বর্ষবরণ উৎসবের আদি অনুষঙ্গ নয় বলে রেডিও, টেলিভিশন কিংবা পত্রিকায় বিজ্ঞজনের বক্তব্য জেনেছেন পরিবহন ব্যবসায়ী মাসুদ রানা। পান্তা-ইলিশ খেয়ে নতুন বছর শুরু করার ধারণাটি তার কাছেও খুব একটা পছন্দের নয়।

তবুও মাসুদ কারওয়ানবাজারে এক পরিচিত ব্যবসায়ীর কাছ থেকে কিনে নিলেন এক কেজি ওজনের দুটি ইলিশ। দোকানি পাঁচ হাজার টাকা দাম চাইলেও চার হাজার টাকা দিয়ে বিদায় হলেন তিনি।

“বাসায় গেস্ট আছে। এমন উৎসবের দিনে ইলিশ ছাড়া আসলে হয় না। ঠিক পান্তা-ইলিশের জন্য নয়, ভালো খাবার হিসাবে মেনুতে ইলিশ থাকবে,” বলেন তেজগাঁওয়ের এই পরিবহন ব্যবসায়ী।

পরিচিত জনের কাছে এক জোড়া ইলিশ বিক্রির কিছুক্ষণ পরই অপর ক্রেতার হাতে আরেক জোড়া ধরিয়ে দিতে চান বিক্রেতা বিমল। কিন্তু মধ্যবয়সী ওই ক্রেতা কোনোভাবেই অতো চড়া দামের ইলিশ কিনতে রাজি হচ্ছিলেন না।

শেষমেষ অন্তত একটি ইলিশ কিনতে রাজি করান বিমল। দাম নিয়ে নেন তিন হাজার টাকা। তারপরেও ক্রেতার মুখে দেখা যায় সন্তুষ্টির ছায়া।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাকিল মাত্র ১৫০০ টাকায় ৭/৮শ’ গ্রামের একটি ইলিশ কিনেছেন। তিনি জানান, বাসায় ছোট বোন আছে। তাদের ইচ্ছা পূরণে এই ইলিশ কেনা।

এই বাজারে ১০ থেকে ১৫টি মাছের দোকানে অন্যান্য মাছের পাশাপাশি ইলিশ তোলা হয়েছে। ৬০০ গ্রাম থেকে শুরু করে দুই কেজির কিছুটা বেশি ওজনের ইলিশ দেখা গেছে।

এক থেকে শুরু করে আড়াই কেজি ওজনের ইলিশের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ী শাহেদুল। অন্যান্য বছরের মতো এবারও সবগুলো মাছ বিক্রি হবে বলে আশা তার।

তবে শাহেদের কাছে ইলিশগুলোর দাম যেন অন্য সব দোকানের চেয়ে বেশি।

দুই কেজির চেয়ে একটু বেশি ওজনের ইলিশ দেখিয়ে তার কর্মচারী বলেন, “এগুলো আমরা সাত হাজার টাকায় বিক্রি করব।”

তবে শাহেদ জানান, ওই মাছের দাম অন্তত পাঁচ হাজার টাকা হবে।

ইলিশের বাড়তি দাম নেওয়ার ব্যাখ্যায় ব্যবসায়ী বিমল বলেন, “উৎসবের দুয়েকটা দিনে আমরা একটু ব্যবসা করি। কত বিক্রি করলাম, না করলাম তা হিসাব করে লাভ নেই। এমন সুযোগ সব সময় আসেও না।”

তবে ব্যবসায়ী শাহেদ দিলেন ভিন্ন ব্যাখ্যা: “আমাদের মতো বিক্রেতাদের এ নিয়ে কিছু করার নেই। আমরা বেশি দামে কিনি বলেই বেশি দামে বিক্রি করি। আসল লাভটা করেন আড়ৎদারেরা। তারা অনেকদিন মজুদ রেখে ইচ্ছে মতো দাম তোলে।”

আড়ৎদার কারা জানতে চাইলে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তিকে দেখিয়ে দেন বিমল।

সিদ্দিকুর বিডিনিউ্জ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিশে বড় অংকের লাভ করেন ভোলা, বরিশাল ও চাঁদপুরের ব্যবসায়ীরা। তাদের হাতে এর নিয়ন্ত্রণ। আর খুলনার ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করেন রুই-কাতলের মতো মিঠা পানির মাছের দাম।

“কারওয়ানবাজারের আড়ৎদারদের এখানে হাত নেই।”

পহেলা বৈশাখের আগে ইলিশ মজুদ করে অনেকে কোটি কোটি টাকার ব্যবসা করেন বলেও জানান তিনি।