নেপালের এনসেল এখন আজিয়াটার
নেপালের শীর্ষ মোবাইল ফোন অপারেটর এনসেল প্রাইভেট লিমিটেড (এনসেল) অধিগ্রহণের মাধ্যমে দেশটির টেলিযোগাযোগ বাজারে প্রবেশ করল এশিয়ার অন্যতম টেলিযোগাযোগ কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ।
এখন এনসেলে আজিয়াটার ৮০ শতাংশ এবং স্থানীয় অংশীদার সুনিভারা ক্যাপিটাল ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের (সুনিভেরা) ২০ শতাংশ মালিকানা রয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের টেলিযোগাযোগ বাজারে শক্ত অবস্থান তৈরি হল আজিয়াটার।
আজিয়াটা এনসেল পরিচালনার নিয়ন্ত্রণ পাওয়ায় টেলিযোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা, দক্ষিণ এশিয়ায় সাফল্যের রেকর্ড ও কৌশলগত পদক্ষেপ নেপালের টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নিয়ে দীর্ঘ মেয়াদে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।
আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার দাতো শ্রী জামালুদ্দিন বলেন, “নেপালের শীর্ষ ও সুসংগঠিত অপারেটরটির বেশিরভাগ মালিকানা অধিগ্রহণের মাধ্যমে আজিয়াটা দেশটির টেলিযোগাযোগ খাতের বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে।”
সফলভাবে অধিগ্রহণ শেষ হওয়ায় এর সঙ্গে সম্পৃক্ত মালয়েশিয়া ও নেপালের সরকারি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, তরুণদের চাহিদার বিষয়টি মাথায় রেখে দেশটির টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নেওয়ার জন্য মানসম্মত ইন্টারনেটসহ আকর্ষণীয় পণ্য ও সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
“দেশটিতে দীর্ঘমেয়াদি ব্যবসা পরিচালনার সুযোগ রয়েছে আমাদের। পাশাপাশি কর্পোরেট দায়বদ্ধতা ও সুশাসনের দিকে শ্রদ্ধাবোধ থেকে নেপালের সরকার ও সুশীল সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করব আমরা।”
