২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী পোশাক বাজারে জমজমাট বিকিকিনি

পহেলা বৈশাখকে ঘিরে জমজমাট বিকিকিনি চলেছে পোশাকের বাজারগুলোতে; উৎসব ঘিরে বিক্রি বাড়ায় যেভাবে খুশির ঝিলিক দেখা দিয়েছে বিক্রেতাদের মুখে, সেভাবে নতুন পোশাকে নিজেদের সাজানোর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 01:31 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

বুধবার শাহবাগের আজিজ সুপার মার্কেট, বেইলি রোড, নিউ মার্কেট, বসুন্ধরা সিটিসহ রাজধানীর বিভিন্ন পোশাক বাজার ঘুরে বৈশাখী পোশাকের রমরমা বিকিকিনি চলতে দেখা যায়।

শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত ছিলেন ক্রেতা-বিক্রেতারা। পহেলা বৈশাখের আগের দিন পছন্দের পোশাক হাতে নিয়ে ফিরেছেন ঘরে।

বৈশাখী পোশাকের রংয়ে বৈচিত্র্য আনার ক্ষেত্রে লাল-সাদার উপর গুরুত্ব থাকার কথা জানিয়েছেন পোশাক কোম্পানি সংশ্লিষ্টরা। আড়ংয়ের মতো কিছু প্রতিষ্ঠান এবার মাল্টিকালারের পরিবর্তে সাদা-কালোকে প্রাধাণ্য দেওয়ার কথা জানিয়েছে।

রাজধানীর নয়টি স্থানে পোশাকের বড় বাজার আড়ং গত ১৭ মার্চ থেকেই বৈশাখী পোশাক দোকানে তোলা শুরু করেছিল, যার ধারাবাহিকতা ছিল বুধবার শেষ দিন পর্যন্ত।

বৈশাখী ফ্যাশনে প্রায় সব ধরনের পোশাক আনা প্রতিষ্ঠানটি বিক্রিতে নিজেদের টার্গেট পূরণ করতে পেরেছে বলে জানিয়েছেন আড়ংয়ের রিটেইল অপারেশন ব্যবস্থাপক আহমেদ মনসুর।

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রচুর কালেকশন ছিল। রেসপন্সও পেয়েছি অনেক ভাল। ক্রেতাদের সুবিধার্থে পোশাক আগেভাগে ডিসপ্লে-তে তোলা হয়েছিল। আমাদের টার্গেট যা ছিল তা পূরণ হয়েছে।”

এবার পোশাকের ডিজাইনের ক্ষেত্রে প্রতিবারের হরেক রকম (মাল্টি কালার) ব্যবহারের পাশাপাশি লাল-সাদার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

“ডিজাইনের ক্ষেত্রে ঐতিহ্যগত ফ্যাশনের দিকে এবার আমাদের ঝোঁক ছিল।”

আড়ং থেকে বৈশাখ উপলক্ষে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া; মেয়েদের শাড়ি, সালোয়ার, কামিজ, ফতুয়া এবং বাচ্চাদের পাঞ্জাবি, ফ্রক, ফতুয়া ও শার্ট আনা হয়েছিল বলে জানান আহমেদ মনসুর।

“এবার প্রথমবারের মতো নিউবর্ন বাচ্চাদের জন্য ভিন্ন ঢঙের পোশাকও ব্যাপক সাড়া ফেলেছিল।”

সাদা রঙের কাপড়ে ১৫ রকমের আলপনা আঁকা বৈশাখী টি-শার্ট আনে আজিজ সুপার মার্কেটের দোকান ‘খেয়া’। পাশাপাশি লাল-সাদার মিশেলে তৈরি পাঞ্জাবিও ছিল তাদের কালেকশনে।

খেয়া’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন রকম আলপনা আর জলছাপে আমরা ১৫টি টি-শার্ট এনেছি। সাধারণত বৈশাখী পোশাকে লাল-সাদার প্রাধাণ্য থাকে। এবারও ব্যতিক্রম নয়।”

“তবে রংয়ের ব্যবহারের বৈশাখের নির্দিষ্ট কিছু থিম থাকে ঢাক-ঢোল, গ্রামীণ চিত্র প্রভৃতির। এর বাইরে নানা রঙের আলপনার সন্নিবেশে আমরা করেছি।”

টি-শার্টের পাশাপাশি কিছু পাঞ্জাবিও দোকানে তোলা হলেও এই পোশাকটির বিক্রি এবার কম হওয়ায় ‘মনভার’ থাকার কথা জানান মোস্তাক আহমেদ।

“ভাবছিলাম, বৈশাখী বোনাসের কারণে বিক্রি অনেক বেশি হবে। কিন্তু আশানুরূপ হয়নি। জানিনা কী কারণে। বিক্রি গতবারের মতোও হয়নি।”

এদিকে খেয়ায় পাঞ্জাবি বিক্রি কম হলেও আজিজ সুপার মার্কেটের ‘নববী’ ব্র্যান্ডে বিক্রি হয়েছে ভালোই।

বৈশাখ উপলক্ষে দোকানে দুই ডিজাইনের পাঞ্জাবি তুলেছিল তারা। পহেলা বৈশাখের তিন-চারদিন আগেই তা ফুরিয়ে যায় বলে জানান সেখানকার বিক্রয়কর্মী আবদুল্লাহ আল আমিন শুভ।

অন্যদিকে চারটি ডিজাইনের বেশকিছুর টি-শার্টের ক্ষেত্রে বড় ও মাঝারি সাইজের সবগুলো ফুরিয়ে গেছে। বাকী ছিল ছোটো সাইজেরগুলো, যেটার বিক্রি এমনিতে কম থাকে বলে জানান তিনি।

তবে মোটের ওপর বৈশাখের বিক্রি ভাল হয়েছে জানিয়ে বুধবার শুভ বলেন, “শুধু বৈশাখকে কেন্দ্র করে নয়, আমাদের ডিজাইনগুলো থাকে ঈদ ও নানা উৎসব ঘিরে। বৈশাখের জন্য করা ডিজাইনের গুলো বিক্রি করছি।”

পোশাকের ডিজাইনে বৈচিত্র্যের কথা উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লাল ও সাদা রংকে কেন্দ্র করে বৈশাখী পোশাকের ডিজাইন করা হয়েছে। লালের উপর বিভিন্ন ডিজাইন আর সাদার ওপর নানা ঢঙের আলপনা করা হয়েছিল।”

পহেলা বৈশাখ সামনে রেখে ছেলেদের পাঞ্জাবিতে ৩০ শতাংশ ছাড় দিয়ে এবারে দোকানে বৈশাখী পোশাক তোলা শুরু করেছিল আজিজ সুপার মার্কেটের দোকান ‘মেঘ’।

বিক্রিতে নিজেদের খুশির কথা জানিয়ে সেখানকার বিক্রয়কর্মী আল আমিন বলেন, বৈশাখকে ঘিরে আমাদের এখানে ছোট বাচ্চাদের ১১টি, বড় পুরুষদের ৮টি এবং বড় নারীদের ১০টি নতুন ডিজাইনের পোশাক এসেছে। বিক্রিও আশানুরূপ হয়েছে।