বেসিক ব্যাংকের জিএম জয়নাল রিমান্ডে
ঋণ কেলেঙ্কারির মামলায় বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এই আদেশ দেন বলে আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা শহিদুর রহমান জানিয়েছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এই মামলার আসামি জয়নাল আবেদীনের প্রত্যক্ষ সহযোগিতায় প্রায় ৫৩ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করা হয়।
“গ্রাহকের নামে আরও দায় এবং ঋণ গ্রহণের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও কেন এই আসামি ঋণ প্রস্তাবটি প্রধান কার্যালয়ে প্রেরণ করলেন এবং অবৈধভাবে গ্রাহকের সিডি হিসাবে অর্থ স্থানান্তর করে গ্রাহক কর্তৃক অর্থ আত্মসাতের সুযোগ করে দিলেন এবং ওই অর্থের বর্তমান অবস্থান জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।”
গত ৫ এপ্রিল রাজধানীর সেনা কল্যাণ ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় ব্যাংক কর্মকর্তা জয়নালকে।
ব্যাংকটির সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ৫৬টি মামলা করে দুদক।
গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন। গ্রেপ্তার জয়নাল আবেদীন এর মধ্যে কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।
