ভারতীয় ঋণে কেনা হবে ৬০০ বাস, ৫০০ ট্রাক
ভারতীয় ঋণে সরকার ছয়শ বাস ও পাঁচশ ট্রাকসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সদর দপ্তরে কর্মকর্তা ও ডিপো ব্যবস্থাপকদের সভায় মন্ত্রী একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির ডিপোগুলোতে অনিয়ম-দুর্নীতি বন্ধ হলে রাষ্ট্রনিয়ন্ত্রিত এই সেবা প্রতিষ্ঠানটি লাভের ধারায় ফিরে যাবে এবং জনপ্রত্যাশা পূরণে সফল হবে।
“বর্তমানে বিআরটিসির বহরে ১ হাজার ৫০টি বাস চলমান রয়েছে। যে সকল বাস মেরামত করে বহরে যুক্ত করার সুযোগ রয়েছে, সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি বলেন, বিআরটিসিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেবার মান বাড়াতে হবে।
মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের পাশাপাশি মহিলাদের আসন সংখ্যাসহ তাদের সঙ্গে সদ্ব্যবহারের পরামর্শ দেন তিনি।
বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানসহ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিপো ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
