‘যাত্রী নিরাপত্তা’র ওপর জোর দিতে বললেন বিমানমন্ত্রী
বিমান পরিবহনে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সের পাশাপাশি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে রিজেন্ট এয়ারওয়েজের পঞ্চম আন্তর্জাতিক রুটের উদ্বোধনীতে একথা বলেন তিনি।
ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাট পর্যন্ত ১৮৩ জন যাত্রী ধারণক্ষমতা বিশিষ্ট একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে পঞ্চম আন্তর্জাতিক রুট হিসেবে ফ্লাইট চালু করে রিজেন্ট।
উদ্বোধনীতে বিমানমন্ত্রী মেনন বলেন, “আপনারা জানেন- পৃথিবীব্যপী যে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা চলছে, এই সময় এভিয়েশন সেফটির বিষয়টিও নতুন করে পর্যালোচনা . . . বিবেচনা করতে হবে।
“হজরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নেও নানাবিধা প্রশ্ন উচ্চারিত হয়েছে, যেটা ঠিক করতে চেষ্টা করছি।”
“বিমানবন্দরে নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে। এটা অবশ্য ঢাকার জন্য নতুন, পৃথিবীব্যাপী পুরোনো। এই নিয়মগুলো মেনে চলাটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু অসুবিধা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটি বদলিয়ে নতুন সংস্কৃতি মেনে নিতে হবে।”
‘পৃথিবীব্যাপী এখন নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে’ মন্তব্য করে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
অনুষ্ঠানের বক্তব্যে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা পদ্মা থেকে কেনা জ্বালানির (জেট ফুয়েল) মূল্যকে অন্যান্য দেশের জ্বালানির মূল্যের তুলনায় ‘প্রায় দ্বিগুণ’ দাবি করে তা কমিয়ে আনায় ব্যবস্থা নিতে বিমানমন্ত্রীর কাছে আহ্বান জানান রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী।
‘পলিসি সার্পোর্ট’ ছাড়া বেসরকারি এয়ারলাইনসগুলো বেশিদূর এগুতে পারবে না মন্তব্য করে ইয়াসিন আলী বলেন, “আমি ছোট্ট একটা সিনোপসিস দিয়ে বলছি, এয়ারলাইন্স গার্মেন্টসের মতই একটা ডলার ইনকাম করার উৎস হতে পারে।
“যেমন এ বছর বিজসেস ফোরকাস্ট করেছি- আমরা ১৫ মিলিয়ন ডলার এচিভ করব। বাংলাদেশের মতো দেশে এটা বড় এমাউন্ট।”
দেশি এয়ারলাইসগুলোর জন্য বিমানবন্দরের ‘ল্যান্ডিং চার্জ’সহ বিভিন্ন ধরনের চার্জ কমানোর দাবিও জানান রিজেন্ট চেয়ারম্যান।
“বাইরে থেকে কোনো বিদেশি এয়ারলাইন বাংলাদেশে এসে যে ল্যান্ডিং চার্জ দেয়, আমাদের দেশি এয়ারলাইনসকেও সেই চার্জ দিতে হয়। ওরা যখন ওদের দেশে যায়, তখন ওয়ান-টেনথ’র মতো একটা এমাউন্ট ওদের দেশে পে করে। আর আমরা কিন্তু দুই দিকেই একটা ফরেন এয়ারলাইনসকে যা দিতে হয় তা দিয়ে যাচ্ছি।”
জ্বালানির মূল্য বিষয়ে বিমান মন্ত্রণালয়ের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “এরই মধ্যে সরকার তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না জেট ফুয়েলের ক্ষেত্রে তারা কী সিদ্ধান্ত নেবে। তবে গতকাল এনার্জি মিনিস্টারের যে বক্তব্য শুনেছি তাতে মনে হয়েছে সব দিক থেকে তাদের তেলের দাম কমবে। সেই ক্ষেত্রে আশা করব তেলের দামের সাশ্রয় তাদের হবে।”
ল্যান্ডিং চার্জ ও সারচার্জের বিষয়ে মন্ত্রণালয় দ্রুতই সিদ্ধান্ত দিতে পারবে বলে জানান মেনন।
অনুষ্ঠানে বিমান মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মদ বিন রামাধান আলবালুসি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এহসানুল গনি চৌধুরী উপস্থিত ছিলেন।
