২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৭ যাত্রীকে ক্ষতিপূরণ দিচ্ছে কাতার এয়ারওয়েজ

একই বিমানে ৪৭ যাত্রীর ব্যাগ আনতে না পারায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই যাত্রীদের ক্ষতিপূরণ দিচ্ছে কাতার এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

কাতার এয়ারওয়েজের শাহজালাল এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৭ জন যাত্রীকে ৫০ ডলার করে ইনটেরিম রিলিফ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে তা বাস্তবায়ন করা হচ্ছে।”

মঙ্গলবার দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটের ৪৭ জন যাত্রীর ৯৩টি ব্যাগ ঢাকায় পৌছায়নি। এগুলো বুধবার সকালের ফ্লাইটে শাহজালালে বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর কর্মকর্তারা বলেন, তখন লাগেজ এরিয়ায় ব্যাগের স্তূপ কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেনের নজরে পড়লে তিনি কাতার এয়ারওয়েজের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে এয়ারলাইন্সটির বিধানমতে প্রত্যেক যাত্রীকে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ (ইনটেরিম রিলিফ-আইআর) পরিশোধের নির্দেশ দেন।

কাতারের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির নিয়ম অনুয়ায়ী লেফট বিহাইন্ড লাগেজের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ ইকোনমি ক্লাসের যাত্রী প্রতি ৫০ ডলার এবং বিজনেস ক্লাসের ৭৫ ডলার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ ইনটেরিম রিলিফের আইনগত ভিত্তি তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিগ্যাসি এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে যাত্রীর সঙ্গে তার ব্যাগ না এসে পরে এলে আইএটিএ আইন অনুযায়ী লাগেজ না আসার কারণে যাত্রীর প্রাথমিক খরচ মেটানোর জন্য এই ইনটেরিম রিলিফ দিতে হবে, যদি যাত্রীর আবাসস্থল এরাইভাল সিটির বাইরে হয়।”