২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাড়ল নগদ সহায়তা

চামড়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানিতে নগদ সহায়তার পরিমাণ বাড়িয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 04:07 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

একইসঙ্গে ইউরো অঞ্চলে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিকল্প নগদ সহায়তার পরিমাণও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার আলাদা আলাদা সার্কুলার জারি করে এই সহায়তা বাড়ানোর ঘোষণা দেয়।

চামড়া বিষয়ক সার্কুলারে বলা হয়, চলতি ২০১৫-১৬ অর্থবছরে জাহাজীকৃত চামড়াজাত দ্রব্য রপ্তানির বিপরীতে ১২ দশমিক ৫০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে।

আর একই অর্থবছরে ইউরো অঞ্চলে জাহাজীকৃত বস্ত্র ও বস্ত্রজাত দ্রব্য রপ্তানির বিপরীতে বিদ্যমান ৪ শতাংশের অতিরিক্ত ২ শতাংশ বিশেষ নগদ সহায়তা দেওয়া হবে বলে অপর এক সার্কুলারে বলা হয়।

এ দুই ক্ষেত্রে চলতি অর্থবছরে যে সব আবেদনপত্র নিষ্পত্তি করা হয়েছে তারাও অতিরিক্ত নগদ সহায়তার পাবে। এজন্য সার্কুলার জারির ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রতি পাউন্ড হিমায়িত চিংড়ি রপ্তানির বিপরীতে (এফওবি মূল্য) এখন থেকে ৪ দশমিক ৯৮ মার্কিন ডলার নগদ সহায়তা দেবে সরকার। এতদিন এই সহায়তার পরিমাণ ছিল ৩ দশমিক ৭৯ ডলার।

অন্যান্য মাছ রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা ১ দশমিক ১ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৯৭ ডলার করা হয়েছে।

হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তার ‘এই সিলিং’ সার্কুলার জারির তারিখ হতে কার্যকর হবে বলে এ বিষয়ক সার্কুলারে জানানো হয়।

এছাড়া পটেটো স্টার্চ রপ্তানিতেও এখন থেকে নগদ সহায়তা দেবে সরকার। আর এজন্য কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) এবং প্রক্রিয়াজাত (এগ্রোপ্রসেসিং) কৃষিপণ্যের তালিকায় পটেটো স্টার্চ অন্তর্ভুক্ত হবে।

বর্তমানে কৃষি পণ্য (শাকসবজি ও ফলমুল) ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে ২০ শতাংশ হারে সহায়তা দিচ্ছে সরকার।