৯ মাসে ২৫ বিলিয়ন ডলারের রপ্তানি
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ভাটা পড়লেও রপ্তানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, যাকে তৈরি পোশাকের অবদান বলছেন বিশ্লেষকরা।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রায় ২৫ বিলিয়ন ডলার আয় করেছে; এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেশি।
সর্বশেষ মার্চ মাসেও এর আগের বছরের মার্চের চেয়ে আয় বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।
মঙ্গলবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বিশ্লেষণেও তৈরি পোশাকের উপর ভর করে আয় বাড়ার তথ্য মিলেছে।
অর্থবছর শেষে এবার রপ্তানি খাতে প্রবৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়ে যবে বলে প্রত্যাশা করছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২ হাজার ৪৯৫ কোটি ৫২ লাখ (২৪.৯৫ বিলিয়ন) ডলার আয় করেছে।
এর মধ্যে ২ হাজার ৪৪ কোটি (২০.৪৪ বিলিয়ন) ডলারই এসেছে তৈরি পোশাক থেকে। অর্থাৎ মোট রপ্তানির ৮২ শতাংশই এসেছে এই খাত থেকে।
এই সময়ে রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৪৪ কোটি (২৪.৪৪ বিলিয়ন) ডলার।
গত ২০১৪-১৫ অর্থবছরে এই নয় মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় ছিল ২ হাজার ২৯০ কোটি ৪৭ লাখ (২২ দশমিক ৯০ বিলিয়ন) ডলার।
এ হিসাবে জুলাই-মার্চ সময়ে লক্ষ্যমাত্রার চেয়েও ২ দশমিক ১২ শতাংশ বেশি আয় এসেছে।
মাস হিসেবে মার্চ মাসে ২৮৩ কোটি ১৪ লাখ ডলার রপ্তানি আয় দেশে এসেছে। গত বছরের মার্চে যার পমিাণ ছিল ২৫৯ কোটি ২৮ লাখ ডলার।
মার্চ মাসে লক্ষ্যমাত্রা ধরা ছিল ২৮২ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে এই মাসে ৯ দশমিক ২ শতাংশ বেশি আয় হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই-মার্চ সময়ে মোট আয়ের মধ্যে ২ হাজার ৪৪ কোটি ডলার রপ্তানি আয়ের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে উভেন পোশাক রপ্তানি থেকে; এক হাজার ৭৬ কোটি ৫৮ লাখ ডলার। আর ৯৬৭ কোটি ৪৩ লাখ ডলার এসেছে নিট পোশাক রপ্তানি থেকে।
এই নয় মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ। উভেনে বেড়েছে ১২ দশমিক ৬৪ শতাংশ। উভেনে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ। নিটে প্রবৃদ্ধি হয়নি; লক্ষ্যমাত্রার প্রায় সমান আয় হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন তৈরি পোশাকের ভরা মৌসুম চলছে। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সব দেশেই তৈরি পোশাকের চাহিদা। সে কারণেই রপ্তানি আয় বাড়ছে।
অর্থবছরের বাকি তিন মাসও এ ধারা অব্যাহত থাকবে বলেই তার আশা।
দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি রপ্তানি আয় বাড়াতে সহায়তা করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতি মাসেই রপ্তানি আয় বাড়ছে। অর্থবছরের বাকি তিন মাসেও এই ধারা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। এবার আমাদের পোশাক রপ্তানিতে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে।”
“কোনো সহিংসতা নেই। আমদানি-রপ্তানিতে কোনো সমস্যা হচ্ছে না। গ্যাস-বিদ্যুতের সমস্যা অনেকটা দূর হয়েছে। আমাদের প্রধান রপ্তানি বাজার ইউরোপ-আমেরিকার অর্থনীতিও ঘুরে দাঁড়িয়েছে।”
সব মিলিয়ে রপ্তানি বাণিজ্যে ইতিবাচক ধারা ‘বইছে’ বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা।
“বর্তমান এই পরিবেশ অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে ৫০ বিলিয়ন ডলার আয়ের যে লক্ষ্য আমরা ঘোষণা করেছি তা অর্জন সম্ভব হবে।”
অন্য খাতের রপ্তানি আয়
তৈরি পোশাক ছাড়া অন্য প্রায় সব খাতেই রপ্তানি আয় কমেছে। জুলাই-মার্চ সময়ে হিমায়িত চিংড়ি রপ্তানি কমেছে প্রায় ১৫ দশমিক ২৫ শতাংশ।
কৃষি পণ্যের মধ্যে চা রপ্তানি কমেছে ৩৯ শতাংশ। শাকসবজি ৪০ দশমিক ৩৯ শতাংশ, তামাক ২৩ শতাংশ এবং ফল রপ্তানি ৪৪ শতাংশ কমেছে। চামড়া রপ্তানি কমেছে ৩০ শতাংশের বেশি।
এছাড়া প্লাস্টিক কমেছে ১২ দশমিক ৪৩ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ১ দশমিক ৭২ শতাংশ।
বাই-সাইকেল রপ্তানি কমেছে ২৫ দশমিক ৫৭ শতাংশ।
তবে ওষুধ রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। জাহাজ এবং এর অন্যান্য সরঞ্জাম রপ্তানি বেড়েছে ৯ শতাংশের বেশি।
২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ১২০ কোটি ডলার। এবার তা ৩ হাজার ৩৫০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।
রিজার্ভ ২৮.৩ বিলিয়ন ডলার
এদিকে রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ) বাড়ছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৮৩০ কোটি (২৮.৩ বিলিয়ন) ডলার।
চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়েএক হাজার ১০৫ কোটি ১১ লাখ (১১.০৫ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ কম।
২০১৪-১৫ অর্থবছরের এই নয় মাসে এসেছিল এক হাজার ১২৬ কোটি ডলারের রেমিটেন্স।
