২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিওএস থেকে অর্থ আত্মসাৎ, হোটেল মালিক গ্রেপ্তার

গ্রাহকের কার্ডের তথ্য চুরি করে জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংকের পয়েন্ট অফ সেল (পিওএস) যন্ত্র থেকে তিন কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে এক হোটেল ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 06:27 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

গোয়েন্দা পুলিশ সোমবার রাতে উত্তরার কমফোর্ট ইন আবাসিক হোটেলের মালিক আব্দুল হাসনাতকে (৫৬) গ্রেপ্তার করে।

পিওএস হলো কার্ডের মাধ্যমে সেবা বা পণ্যের মূল্য পরিশোধের যন্ত্র।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ মার্চ সিটি ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট একেএম আইয়ুব উল্যার গুলশান থানায় মামলাটি করেন। ওই মামলার একমাত্র আসামি হিসাবে আব্দুল হাসনাতের নাম উল্লেখ রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১২ জানুয়ারি উত্তরার ৪ নম্বর সেকশনের কমফোর্ট ইন নামে একটি আবাসিক হোটেলের মালিক আব্দুল হাসনাত তার হোটেলে পিওএস মেশিন বসানোর জন্য আবেদন করেন।

তার আবেদনে প্রেক্ষিতে একই বছরের ৯ মার্চ হোটেলে পিএসও মেশিন স্থাপন করা হয়।

এরপর ৮ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত এই মেশিন ব্যবহার করে ১৪০টি লেনদেনের মাধ্যমে ৩ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৯৪৭ টাকা ব্যাংক থেকে নেন হাসনাত।

কিন্তু কার্ডের প্রকৃত মালিকদের দাবির পর সিটি ব্যাংক বুঝতে পারে ট্রানজেকশনগুলো অবৈধভাবে করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী কার্ডের প্রকৃত মালিকদের ওই অর্থ ফেরত দেয় ব্যাংক।

পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে হোটেল মালিক হাসনাতকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।