হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট কোম্পানি হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
স্ত্রী শিশিরকে নিয়ে মোবাইল অপারেটর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তির একদিন পর মঙ্গলবার হুয়াওয়ের সঙ্গে দুই বছরের জন্য যুক্ত হলেন সাকিব।
ঢাকার একটি হোটেল আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনলোজিস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু বলেন, “নতুনত্ব ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে এগিয়ে আছে হুয়াওয়ে। বিশ্বের শীর্ষ অপারেটরদের পাশাপাশি বাংলাদেশেও গ্রামীণফোন, বাংলালিংক ও রবির নেটওয়ার্ক সল্যুশন সেবা দেওয়ার কাজও করছে হুয়াওয়ে।
২০১৫ সালে ৬১ বিলিয়ন রাজস্ব আয়ের তথ্য তুলে ধরে হাওফু জানান, বিশ্ববাজারে তাদের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য।
অনুষ্ঠানে সাকিব আল হাসান জানান, আগামী দুই বছরে হুয়াওয়ের মতো একটি সুবিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে কাজ করে কোম্পানিটিকে দেশের বাজারে এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে তার।
পাশাপাশি হুয়াওয়ে পণ্যের মান ও গ্রাহক সেবার বিষয়ে অনন্য ভূমিকায় থাকবে বলে আশা করেন তিনি।
“খেলায় যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি প্রেরণা দেয় সেটা হল আত্মবিশ্বাস। হুয়াওয়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও আমি আত্মবিশ্বাসী। সম্মিলিতভাবে কাজ করলে হুয়াওয়েকে দেশের একনম্বর ব্রান্ডে পরিণত করা সম্ভব।”
