বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-শিশির
মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। অ্যাম্বাসেডর হিসেবে এবার তার সঙ্গী হয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সোমবার ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
আগামী দুই বছরের জন্য তারা বাংলালিংকের প্রতিনিধিত্ব করবেন।
বাংলালিংক সিইও এরিক আস বলেন,“ক্রিকেট বাংলাদেশের মানুষের রক্তে মিশে রয়েছে। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে আমাদের সাথে পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি।
“ক্রিকেট আমাদের সকলকে একসাথে নিয়ে আসে এবং সারাদেশকে একতাবদ্ধ করে। সাকিবের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমরা এই দেশের প্রতি এবং এই দেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করতে চাই।”
ডিজিটাল যুগে বাংলালিংকের এগিয়ে যাবার পথে সাকিব এবং শিশিরকে সাথে পেয়ে গ্রাহকদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন এরিক।
সাকিব আল হাসান বলেন, “বাংলালিংক দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং দেশের মানুষের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এর অংশীদার হতে পেরে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।বাংলালিংককে দেশের মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে আমি কাজ করে যাব।”
অনুষ্ঠানে জানানো হয়, বাংলালিংক একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল এবং আরো ডাটাভিত্তিক হবার বাংলালিংকের এই পরিবর্তনের পথে সাকিব এবং শিশির সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
সাকিব তার অধ্যবসায়, মেধা, দক্ষতা এবং একাগ্রতার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বাংলালিংক সাকিব এর সাথে একত্রিত হতে পেরে গর্বিত এবং সাকিবের দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে বাংলালিংকও একটি বিশ্বমানের ডিজিটাল কোম্পানিতে পরিণত হতে চায়।
অনুষ্ঠানে বাংলালিংকের চিফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
