২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে তবুও হতাশা

হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞার প্রথম দিনই হতাশা দেখা গেছে ট্যানারি শ্রমিকসহ এর উপর নির্ভরশীল অন্য পেশার লোকজনের মাঝে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 09:49 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

কাজ হারানোর শঙ্কা মাথায় নিয়ে কেউ কেউ বলেছেন- সরকার শুধু মালিকদের কথাই ভেবেছে, শ্রমিকদের কথা কেউ ভাবেনি।

শুক্রবার ছুটির আমেজের মধ্যে সেখানে মোড়ে মোড়ে বিভিন্ন চা দোকান আর জটলায় আলাপের বিষয় ছিল- ‘কাঁচা চামড়া প্রবেশ বন্ধের পর পরিস্থিতি কোন দিকে যাবে?’।

পূর্বসূরীদের কাছ থেকে পাওয়া অর্ধ শতকের পুরনো এ শিল্প সংশ্লিষ্ট কারও কারও মুখে অবশ্য শোনা গেল, তারা হাজারীবাগ ছেড়ে যাবেন না, প্রয়োজনে করবেন পেশা পরিবর্তন।

পঞ্চাশের দশকে নারায়ণগঞ্জ থেকে সরে আসা হাজারীবাগ ট্যানারি শিল্পের বয়স অর্ধ শতকের বেশি। দীর্ঘ সময় পরিবেশ দূষণের বিষয়টি নিয়ে তেমন উচ্চবাচ্য না হলেও ১৯৮৬ সালে সবচেয়ে বেশি দূষণকারী শিল্প হিসেবে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোকে চিহ্নিত করে তৎকালীন সরকার। 

এরপর ২০০১ সালে দূষণ বন্ধে উচ্চ আদালত থেকেও আসে নির্দেশনা। ২০০৩ সালের ১৬ অগাস্ট একনেক সভায় চামড়া শিল্পনগরী প্রকল্পের অনুমোদনের পর প্রায় এক যুগ লেগে যায় তা বাস্তবায়নে।

হাজারীবাগ থেকে সব ট্যানারিকে সাভারে নিয়ে যেতে ব্যর্থ হয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

দফায় দফায় সময় দিয়েও ঢাকার ট্যানারিগুলোকে সাভার চামড়া শিল্পনগরীতে পাঠাতে না পেরে শেষ পর্যন্ত শুক্রবার হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে বসানো হয় পুলিশি পাহারা।

অবশ্য শ্রমিকদের অনেকেই অভিযোগ করেছেন, সরকার কারখানা মালিকদের নানা সুযোগ-সুবিধা দিয়ে সাভারে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শ্রমিকদের কথা ভাবেনি।

হাজারীবাগের একটি বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিক মো. শাহিন যেমন বলেন, “‘ব্যবসা ভালো না’- কইয়া মালিকরা কারখানা বন্ধ কইরা দিছে। এহন আমরা কই যামু। ডেইলি হাজিরার কামে আর হিসাব কিতাবও তো নাই। ইউনিয়নের কারখানায় কাম করলে ৩ মাস ১০ দিনের টাকা দিয়া বিদায় করন লাগে। এহন আমাগো কী হইবো।”

মিজান অ্যান্ড সুমন ট্যানারি নামে বন্ধ হয়ে পড়া আরেকটি কারখানার এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার সরকারের মতো করে চিন্তা করে। মালিকরা মালিকদের মতো। ফাঁকে পড়ে আমরা কাজ হারাই। ১৫-২০ বছর এই কাজ করলাম, এখন কী করমু।”

সাভার যেতে উদ্যোগী আইয়ুব অ্যান্ড ব্রাদার্স ট্যানারি লিমিটেড নামে উৎপাদনে থাকা একটি কারখানার ড্রাম শ্রমিক মো. রানার আশঙ্কা ‘অন্য জায়গায়’।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই, সেহানে যাইতে বহুত সমস্যা। এইডা মাডি কাডার চেয়ে খাটনির কাম। এক-দুই ঘণ্টা পরপর খিদা লাগে। ওইহানে গেলে খামু কী। পরিবার লইয়াও যাইতে পারবো না। থাকনের তো জায়গা নাই। দোকান পাটও নাই, কী খামু? ২০ টাকা-২০ টাকা রিকশা ভাড়া দিয়া  ১০ টাকার নাস্তা করতে যামু?

“ট্যানারির কামে হঠাৎ হঠাৎ ডাক্তারের কাছে যাওন লাগে। ওইহানে তো কোন ডাক্তারখানাও নাই, হাসপাতালও নাই। মরমু নাকি যাইয়া। এই অবস্থায় আমি যামু না। সবাই যাক। তয় বাপেও এই কাম করতো। এই লাইগা একটু খারাপ লাগবো। কী আর করুম।”

ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তে ব্যবসায়ীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হবেন তার একটি ‘ফিরিস্তি’ তুলে ধরেন মো. বাবুল হোসেন নামে এক কাঁচা চামড়ার ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সমস্যাতো প্রথম আমাদের। একবার মাল দেই অর্ধেক টাকা দেয়। পরেরবার দিলে নতুন আগেরবারেরটা শোধ করে, আর নতুন করে কিছু টাকা দেয়। এখন মাল দিতে না পারলে ট্যানারি মালিকরা আগের টাকাতো শোধ দিবে না। আমরা যাদের থেকে মাল আনি, তাদের টাকা দিব কোথা থেকে?

আর কুমিল্লার চামড়া ব্যবসায়ী মকবুল হোসেন সিদ্ধান্তের সমালোচনা করলেন সরকারের।

তিনি বলেন, “সরকার পেঁচিয়ে ফেলেছে। এখন শিল্পের অবস্থাই ভালো না।

“হাজারিবাগে এই মুহুর্তে আমার প্রায় দুই কোটি টাকার চামড়া আছে। বিক্রি হয় না দেখে বিভিন্ন কারখানায় বলে কয়ে ব্লু (ফিনিশড লেদার আর কাঁচা চামড়ার মাঝামাঝি পর্যািয়) করাইছি। কাঁচা চামড়া কতদিন আর রাখা যেতে পারে।”

টাকার কারণে কুমিল্লা যেতে পারছেন না জানিয়ে মকবুল বলেন, “কয়েক মাস যাবত কুমিল্লা যেতে পারি না। কারণ পার্টিদের কাছে প্রায় ১ কোটি টাকা দেনা। গেলেই টাকা চাইব।”

“এখন সরকার এমন একটা পদক্ষেপ নিল যেটাতে আমরাই প্রথম ভিকটিম। কুমিল্লায় আমার ৫০০-৭০০ কাঁচা চামড়া আছে। এগুলা কয়দিন রাখতে পারমু? সারা দেশের কাঁচা চামড়া কই যাইব? পাচার হবে।”

তবে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞার প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করবে বলে মনে করেন একটি কারখানার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এমদাদুল হক ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ থেকে কাঁচা চামড়ার প্রবেশ বন্ধের বিষয়টা এখনও কারখানাকে এফেক্ট করে নাই। এটা হয়তো কোনো কারখানাকে দুইদিন এক সপ্তাহ পরে করবে, কাউকে এক মাস পরে করবে।”

সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করে এমদাদ বলেন, “সরকারি পদক্ষেপে মালিকপক্ষ এফেক্টেড হবে সবার পরে। আগে শ্রমিকরা হবে। কাঁচা চামড়া নামানোর কুলি-ঠেলাওয়ালাদের কাজ আজ থেকেই কমে গেছে। কাঁচা চামড়া শেষ হয়ে গেলে ‘ওয়েট ব্লু’ তে যারা কাজ করে মালিকরা তাদের হাজিরা বন্ধ করে দেবে। এরপরও কিছু কিছু কারখানা চলবে।

“কারণ বিক্রির মতো ব্লু চামড়া এখানেই আছে। সেগুলো কিনে মালিকরা পরবর্তী প্রক্রিয়াজাত করবে। এভাবে ট্যানারি মালিকরা বিদেশে রপ্তানির বিষয়টা বা দেশে ফিনিশড লেদার সরবরাহের বিষয়টা কয়েক মাস চালিয়ে নিতে পারবে। এই সব স্টক শেষ হলে মালিকরা ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে।”

কারখানা স্থানান্তরের প্রক্রিয়া সরকার ‘অনুধাবন’ করতে পারেনি বলেই মনে করেন এমদাদুল।

তার মতে, “একটা কারখানা স্থানান্তরের প্রক্রিয়াগুলাই সরকার বুঝতে পারে নাই। সেইগুলার একটা একটা করে না ধরে কাঁচা চামড়া ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত কোনভাবেই সঠিক না।”

অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে আয়-রোজগার কমে গেছে চামড়া বহনে যুক্ত কুলি ও ঠেলাগাড়ি চালকদের।

ঠেলাগাড়ি চালক মো. সবুজ মিয়া যেমন বললেন,  “শুক্কুরবারেও ২০০-২৫০ টাকা কামাই। আইজ মাল আহে নাই। ৫০ টাকাও পাই নাই। সরকার কউক মইরা যাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারখানার ইনচার্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার একের পর এক আল্টিমেটাম দিচ্ছে, এভাবে এই সমস্যার সমাধান হবে না। এভাবে আল্টিমেটাম দেওয়ার কারণে বিদেশ থেকে ক্রেতা আসাও কমে গেছে। অনেক কিছুর মাঝেও তারা আমাদের কাছে আসে সাপ্লাই দিতে পারি বলে। এখন সেখানেই সমস্যা লেগে গেছে।

“আমরা আজকে কারখানা বন্ধ করে চলে যেতে পারি, কিন্তু যে কারণে যাব, সেই উৎপাদনই যদি শুরু করতে না পারি, তাহলে গিয়ে কী লাভ?”

যেতে হলে কী কী প্রক্রিয়া অতিক্রম করতে হবে- এমন প্রশ্নে তিনি জানান, প্রথম সেখানে সবার ভবন প্রস্তুত হতে হবে। এরপর একে একে মেশিন নিয়ে যেতে হবে। একেকটা নতুন মেশিন আর ড্রাম স্থাপনে তাদের প্রায় ১৫ দিন লেগে যায়।

“আর পুরান মেশিন খুলতে হবে এবং নিয়ে লাগাতে হবে। এইসব মেশিন খোলা ও লাগানোর কাজ আমরা পারি না। অনেক সময় দেশের বাইরের কারিগরও লাগতে পারে। আর পুরান মেশিন, ড্রাম-খুলতে লাগাতে আরও সময়ের দরকার।”