২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পুরোনো গাড়ি সরাতে হবে: ওবায়দুল কাদের

ফিটনেসবিহীন পুরোনো গণপরিবহনকে দুর্ঘটনার জন্য দায়ী করে অচিরেই এসব গাড়ি সরিয়ে ফেলতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 08:57 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

লক্কর ঝক্কর ও ‘মুড়ির টিনের’ মতো এসব গাড়ি ঢাকার সৌন্দর্যের জন্যও হানিকার বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীতে মোটরগাড়ির মেলার উদ্বোধন করে সেতুমন্ত্রী বলেন, “ফিটনেস বিহীন পুরোনো গণপরিবহন ও ব্যক্তিগত ছোট গাড়িও কমিয়ে আনতে হবে।

“ঢাকা শহরের মুড়ির টিনের মতো গাড়িও চলে, এসব গাড়ির কারণে বিদেশিদের কাছে আমরা লজ্জিত হই। যেখানে সারাবিশ্বে প্রধানমন্ত্রীর এতো সুনাম-প্রশাংসা, সেখানে এ ধরনের গাড়ি থাকতে পারেনা।”

মেলায় অংশ নেওয়া আমদানিকারকদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা কাদের বলেন, “আপনারা আধুনিক মডেলের নতুন গাড়ি নিয়ে আসেন। নতুন গাড়ি আসলে পুরোনো এসব গাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী এই মোটরগাড়ি মেলার আয়োজক সিমস গ্লোবাল।

মেলার উদ্বোধনীতে নগরীতে চলা সিটিং সার্ভিসগুলোরও সমালোচনা করেন সড়ক পরিবহনমন্ত্রী।

“সিটিং সার্ভিসের নামে পরিবহন মালিকরা চিটিং করছে। একজন লোক দাঁড়ানোর মতো জায়গাও থাকেনা এসব গাড়িতে।

“শুধু তাই নয়, অনেকে লিখে- আল্লার কসম সিটিং সার্ভিস।ঢাকা মুন্সীগঞ্জের রুটে দেখলাম আল্লার কসম ভিআইপি সার্ভিস।কিন্তু বাস্তবে কোনো যাত্রী সেবা নেই।”
পরিবহনখাতে শৃঙ্খলা ফেরাতে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অচিরেই আইনে পরিণত হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “সেই আইনে দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি মালিকেরও শাস্তির বিধান থাকবে। গাড়ির ফিটনেসের অভাবে দুর্ঘটনা ঘটলে মালিক দায়ী থাকবেন।”

মোটরগাড়ি মেলায় ১১তম মোটর শো এর পাশাপাশি অটো পার্টস শো ও বাইক শো হচ্ছে। আর সমাপনী দিন শনিবার হবে মোটর রেস প্রতিযোগিতা ‘র‌্যালিক্রস চ্যাম্পিয়নশিপ’।