পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে বললেন বাণিজ্যমন্ত্রী
নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ভিডিও কনফারেন্স ব্যবস্থার উদ্বোধন করে কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান।
তোফায়েল বলেন, “নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সব পণ্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং কোনো পণ্যের যেন কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয়, এ বিষয়ে স্বজাগ থাকতে হবে।”
এজন্য বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন মন্ত্রী।
দেশের চাহিদা অনুযায়ী লবণ উৎপাদনে চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়ার কথাও বলেন তিনি।
“সরকার চাষীদের উৎসাহিত করতে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখেছে। চাষীদের লবণ উৎপাদনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য সরকার সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।”
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তোফায়েল।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি, অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায়, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) শুভাশিষ বোস উপস্থিত ছিলেন।
