২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের ফ্রি বেসিকস সেবা গ্রামীণফোনে

ফেইসবুকের সঙ্গে যৌথ উদ্যোগে ফেইসবুক ফ্রি বেসিকস সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 11:49 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

এ অংশীদারিত্বের ফলে অনেক বেশি মানুষ এখন থেকে অনলাইনে আসতে এবং বিনাখরচে বিভিন্ন ধরনের ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন মনে করছে অপারেটরটি।

বুধবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও ফেইসবুকের ফ্রি বেসিকস সেবার মাধ্যমে মানুষ এখন তাদের মোবাইল ফোনে সংবাদ, চাকরি, স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় তথ্য বিষয়ক ওয়েবসাইটসহ দরকারি অনেক ইন্টারনেট সেবা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য গ্রামীণফোনের ইজিনেট একটি ইন্টারনেট সেবা। যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য ইন্টারনেট সম্পর্কে জানা, ফেইসবুক ও উইকিপিডিয়ার মতো ওয়েবসাইটগুলো বিনাখরচে ব্যবহার করা এবং ইন্টারনেট প্যাকেজ কেনার ক্ষেত্রে ইজিনেট গ্রামীণফোনের একটি ওয়ান-স্টপ সলিউশন।

আগে কখনও ইন্টারনেট ব্যবহার করেনি এমন প্রায় ১৫ লাখ মানুষ ইজিনেটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে বলে জানায় গ্রামীণফোন।

ফেইসবুকের সঙ্গে অংশীদারিত্বের ফলে, গ্রামীনফোনের ইজিনেট ব্যবহারকারীরা ফেইসবুকের ফ্রি বেসিকস সুবিধার সবটুকু ব্যবহার করতে পারবেন। এটা তাদের ইন্টারনেটের সঙ্গে অভ্যস্ত করে তোলার পাশাপাশি বিনামূল্যে তথ্যের অবাধ উৎসের সঙ্গে যুক্ত করবে বলে মনে করে অপারেটরটি।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “এ অংশীদারিত্ব ইন্টারনেটের অফুরন্ত শক্তির মাধ্যমে আমাদের নতুন ইন্টারনেট গ্রাহকদের বিনাখরচে ইন্টারনেটের আকর্ষণীয় কন্টেন্ট উপভোগ করতে এবং পর্যায়ক্রমে ডিজিটাল লাইফস্টাইলে অভ্যস্ত হতে সহায়তা করবে।’

ফেইসবুকের এপিএসির হেড অব গ্রোথ পার্টনারশিপ আনা নাইগ্রেন বলেন, ‘ফ্রি বেসিকস সেবা  বাংলাদেশের মানুষের চাকরিসহ নানা ক্ষেত্রে নতুন সম্ভাবনার সুযোগ বৃদ্ধিতে এবং তাদের জীবনের মানোন্নয়নে সহায়তা করবে।’