মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড এনেছে ইউসিবি
বিশ্বের বিভিন্ন দেশে পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ডের তিনটি ‘এক্সক্লুসিভ’ ডেবিট ও ক্রেডিট কার্ড বাজারে এনেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
প্লাটিনাম ডেবিট ও ক্রেডিট মাস্টারকার্ড এবং ইম্পেরিয়াল প্লাটিনাম ডেবিট মাস্টারকার্ড নামে সম্প্রতি এই তিনটি কার্ড বাজারে আনার খবর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গ্রাহকদের কেনাকাটায় দুর্দান্ত অভিজ্ঞতা দিতে এই তিনটি কার্ড হবে অতুলনীয়; কারণ এতে রয়েছে দারুণ সব বৈশিষ্ট্য। যেমন, এসব কার্ডধারীরা অত্যন্ত আস্থার সঙ্গে কেনাকাটা করতে পারবেন।
কার্ডটি মাস্টারকার্ড এর চিপ-অ্যান্ড-পিন টেকনোলজিতে তৈরি, যার ফলে কার্ডে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যাবলী সংরক্ষিত থাকবে।
ভ্রমণপিপাসুদের জন্য মাস্টারকার্ড ইউসিবি প্লাটিনাম ক্রেডিট ও ইম্পেরিয়াল ডেবিট কার্ড ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুযোগ দিচ্ছে বলে জানানো হয়।
এছাড়া প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারে বিনা সুদে (০%) ইনস্টলমেন্ট প্ল্যান, বিনামূল্যে সাপ্লিমেন্টারি কার্ড, কার্ড চেক, এসএমএস অ্যালার্ট, ই-স্টেটমেন্ট ও ইন্টারনেট ব্যাংকিংসহ অনেক সুযোগ-সুবিধা পাবেন গ্রাহকরা।
ডেবিট ও ক্রেডিট কার্ডে দেশে মাস্টারকার্ডের সবচেয়ে বিস্তৃত পার্টনার নেটওয়ার্ক রয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আওতায় মাস্টারকার্ড ব্যবহারকারীরা এক হাজারেরও বেশি আউটলেটে বিশেষ মূল্যছাড়সহ নানা সুবিধা পাবেন।
ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীকে উদ্বৃত করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউসিবি পরিবার সব সময়ই গ্রাহকদের দ্রুত ও উদ্ভাবনী সেবা প্রদানে সচেষ্ট। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলনে এই তিনটি এক্সক্লুসিভ কার্ড উদ্বোধন করা হয়।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালকে উদ্বৃত করে এতে বলা হয়, কার্ডের নিরাপত্তার বিষয়টিকে মাস্টারকার্ড অগ্রাধিকার দিয়ে থাকে এবং সেই প্রতিশ্রুতির আলোকেই এবারে ইউসিবির মাধ্যমে ‘চিপ-অ্যান্ড-পিন’ প্রযুক্তির কার্ড তারা এনেছেন।
‘চিপ-অ্যান্ড-পিন’ প্রযুক্তির কার্ডের মাধ্যমে কার্ডধারীরা সর্বোচ্চ আস্থার সাথে ও সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তায় কেনাকাটা করতে পারবেন বলে বিবৃতিতে দাবি করা হয়।
