পোশাক খাতে বিশেষ শিল্পাঞ্চল নির্মাণের আহ্বান বিজিএমইএ’র
তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ শিল্পাঞ্চল নির্মাণসহ অবকাঠমোগত উন্নয়নের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার নগরীর খুলশীতে চট্টগ্রাম বিজিএমইএ ভবনে ‘পোশাক কারখানার নিরাপত্তা মূল্যায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহ্বান জানায় বিজিএমইএ।
চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোর পুনর্বাসন জরুরি মন্তব্য করে সভায় বিজিএমইএ প্রথম সহ-সভাপতি মঈন উদ্দিন বলেন, “৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে শিল্পাঞ্চলে স্থানান্তর করা ও কারখানার অবকাঠামো নির্মাণে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে।”
মতবিনিময়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে কারখানার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
অ্যাকর্ড ও অ্যালায়েন্স কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “২০১৮ সালের মধ্যে পোশাক শিল্পে সম্পূর্ণ কমপ্লায়েন্স নিশ্চিত করা গেলে অ্যাকর্ড ও অ্যালায়েন্স বন্ধ করে দেওয়া হবে।”
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার এবং কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমদ উপস্থিত ছিলেন।
