২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়রায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ঠিকাদার নিয়োগের চুক্তি

পটুয়াখলীর পায়রায় ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ঠিকাদার নিয়োগের চুক্তি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 10:11 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাডিসন হোটেলে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এনইপিসি ও সিইসিসির সঙ্গে চুক্তি করে কেন্দ্রটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়া কোম্পানি লিমিটেড।

চুক্তি অনুযায়ী, প্রায় ১২ হাজার ২৮৪ কোটি টাকা ব্যয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরু হবে ২০১৯ সালের জুনে; ছয় মাস পর চালু হবে দ্বিতীয় ইউনিট।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের বিদ্যুৎ খাতে উন্নয়নে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এই চুক্তিকে ‘মাইলস্টোন’ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সরকার ঘোষিত মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যার মধ্যে ২০ হাজার মেগাওয়াট হবে কয়লাভিত্তিক।

এ লক্ষ্যে সরকারি, বেসরকারি এবং সরকার ও সরকার যৌথ অংশীদারিত্বে বাগেরহাট, খুলনা, চট্টগ্রাম, পটুয়াখালী ও কক্সবাজারের মাতারবাড়িতে বড় বড় (বেইস লোড) বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। 

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)-এর মধ্যে যৌথ উদ্যোগের চুক্তি হয়।

পরবর্তীতে এ দুটি প্রতিষ্ঠান যৌথভাবে গঠন করে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ইতোমধ্যেই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির পায়রা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে।

এ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের আনুমানিক দাম ঠিক করা হয়েছে ৬ টাকা ৬৫ পয়সা।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ব্যয়ের প্রায় ৮০ শতাংশ ঋণ দেবে চীনের এক্সিম ব্যাংক ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।  

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

এছাড়া বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। অন্যদিকে কক্সবাজারের মাতারবাড়ীতে জাপান, চিন ও মালয়েশিয়ার উদ্যোগে একাধিক বেইজ লোড বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ শুরু হয়েছে।

এর বাইরে বেসরকারিখাতে ওরিয়ন পাওয়ার খুলনায় ৬৩০ মেগাওয়াটের একটি এবং ঢাকায় ৬৩৫ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, চীনের রাষ্ট্রদুত মা মিংকিয়াং প্রমূখ।