২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমছে ফার্নেস তেলের দাম

ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

এক সপ্তাহের মধ্যে দাম কমানোর এই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা (সরকার) বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে কতো কমানো হবে- সেটা যাচাই-বাছাই করে এক সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হবে।”

অন্যান্য জ্বলানি তেলের দাম কমানো হবে কিনা- এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “শুধু ফার্নেস অয়েলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”

সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

আর প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা। 

বিশ্ব বাজারে গত দেড় বছর ধরে জ্বালানি তেলের দরপতন চললেও ভর্তুকির লোকসান থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে তুলতে দাম অপরিবর্তিত রাখে সরকার।

সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জ্বলানি তেলে দাম কমানোর পক্ষে মত দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নাকচ করে দেন।

পুরনো খবর:

তেলের দাম কমছে না