ঢাবিতে ‘ভয়েস অফ বিজনেস সপ্তাহ’ শুরু
ব্যবসায় নেতৃত্বের সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ভয়েস অফ বিজনেস সপ্তাহ-২০১৬’।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে চারদিনের এই আয়োজনের উদ্বোধন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফোলো দেবপ্রিয় ভাট্টাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ভয়েস অব বিজনেসের সপ্তাহ-২০১৬’ এর মিডিয়া পার্টনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “বর্তমান বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে কৃষক।
“এছাড়া যে ৮০ লাখ মানুষ বিদেশে রয়েছে, তাদের মধ্য চার লাখ শ্রমিক হিসেবে কাজ করছেন। তার রেমিটেন্স পাঠাচ্ছেন। তাদের অবদানও কম নয়।”
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের অর্থনীতিতে কোন সেক্টর অবদান রাখছে বলে তোমরা মনে করো?
শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্তর আসে -‘গার্মেন্টস।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দীন আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রোবায়েত উল ইসলাম ও অপেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও ইশতেহাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ভয়েস অফ বিজনেস (ভব) ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
পরে অতিথিদের সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন ব্যবসায় শিক্ষা অনুষদের সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ এর সদস্যরা।
ভয়েস অব বিজনেসের (ভব) পক্ষ থেকে জানানো হয়েছে, চারদিনের এই আয়োজনে সেমিনার, ইয়ুথ র্কানিভাল এবং কেইস প্রতিযোগিতা হবে।
এছাড়া ৩১ মার্চ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।
