২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সনদ নিতে হচ্ছে ভোজ্যতেল কোম্পানিগুলোকে

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’র প্রয়োজনীয় মিশ্রণের বাধ্যবাধকতা আরোপ হওয়ায় কোম্পানিগুলোতে নতুন মান সনদ নিতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 02:31 AM

Updated : 12 Apr 2022, 01:43 AM

ভোজ্যতেল উৎপাদনকারী বিভিন্ন কোম্পানিকে ইতোপূর্বে দেওয়া সনদ (লাইসেন্স) বাতিল শুরু করেছে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই।

ইতোমধ্যে ৪১টি প্রতিষ্ঠানের পুরনো সনদ বাতিল করা হয়েছে বলে রোববার বিএসটিআই’র ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে কথা বলে জানা যায়।

কোনো কোম্পানি শর্তপূরণ করে থাকলে তাদেরকে নতুন সনদ দেওয়া হচ্ছে,বলেন বিএসটিআইর ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রধান পরিচালক মো. সাইফুল ইসলাম।

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ নিশ্চিত করার লক্ষ্যে ভোজ্যতেলের মাধ্যমে মানুষের শরীরে তা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এজন্য ২০১৩ সালে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ প্রয়োজনীয় মিশ্রণ বাধ্যতামূলক করে একটি আইন পাস হয়।

বিএসইটিআই আগে কোম্পানিগুলোকে যে সনদ দিত, তাতে ভিটামিন ‘এ’ মিশ্রণের কোনো শর্ত ছিল না।

“ফলে স্বাভাবিক নিয়মেই আগের লাইসেন্স বাতিল করতে হয়েছে। অনেক কোম্পানি নতুন করে লাইসেন্স নিয়েছেনও,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বিএসটিআই কর্মকর্তা সাইফুল।

তিনি বলেন, “যারা নতুন সনদ নিচ্ছে না। তাদের লাইসেন্স বাতিল হওয়ায় পরিশোধন কিংবা সরবরাহের যোগ্যতা হারিয়েছে।”