২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ এপ্রিল মাসকাটে উড়াল দেবে রিজেন্টের ফ্লাইট

ওমানের রাজধানী মাসকাটের পথে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট চালু হচ্ছে ৭ এপ্রিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার রিজেন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ঢাকা-চট্টগ্রাম-মাসকাট পথে চলবে ফ্লাইট।

প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে চট্টগ্রামে পৌঁছবে। এরপর সেখান থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে রাত পৌনে ১২টায় (স্থানীয় সময়) মাসকাট পৌঁছাবে ফ্লাইটটি।

মাসকাট থেকে মধ্যরাত পৌনে একটায় ছেড়ে সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম এবং পৌনে ৯টায় ঢাকা পৌঁছবে রিজেন্টের ফ্লাইট।

রিজেন্টের বহরে নতুন যুক্ত হওয়া ১৮৩ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি এই রুটে চলাচল করবে। এটি রিজেন্টের পঞ্চম আন্তর্জাতিক রুট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব করসহ ঢাকা-মাসকাট পথে সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ৩৯ হাজার ৪৭৮ টাকা।

আর চট্টগ্রাম-মাসকাট রুটে ভাড়া ওয়ানওয়ে ১৯ হাজার পাঁচ টাকা এবং রিটার্ন ৩৯ হাজার ২৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে মাসকাট থেকে ঢাকা সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ৪০ ওমানি রিয়াল এবং রিটার্ন ১৩০ রিয়াল। মাসকাট-চট্টগ্রাম ওয়ানওয়ে ৬০ রিয়াল এবং রিটার্ন ১৩৪ রিয়াল।

এছাড়া প্রত্যেক যাত্রী ওমান ভ্রমণের সময় ২০ কেজি এবং দেশে ফেরার সময় ৪৫ কেজি ফ্রি ব্যাগেজের সুবিধা পাবেন।

যাত্রীরা রিজেন্ট এয়ারওয়েজের সেলস অফিস ও ওয়েবসাইট এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকেট কিনতে পারবেন।

২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করা রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে ব্যাংকক ও কলকাতা পথে ফ্লাইট চালাচ্ছে।

এছাড়া অভ্যন্তরীণ রুটের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার পথে রিজেন্টের বিমান চলছে।

নতুন বোয়িংটি ছাড়াও রিজেন্টের বহরে আরও দুটি বোয়িং ৭৩৭-৭০ এবং দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ আছে।