রিজেন্টের বহরে যুক্ত হল আরেক বোয়িং
বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের বহরে নতুন একটি বোয়িং উড়োজাহাজ যুক্ত হয়েছে।
এ নিয়ে বিমান সংস্থাটির উড়োজাহাজের সংখ্যা পাঁচটি হয়েছে। এর মধ্যে তিনটি বোয়িং ও দুটি ড্যাশ-৮ বিমান।
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি জাকার্তা থেকে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে রিজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জেকেস ইউকে নামের একটি সংস্থা থেকে বিমানটি ছয় বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে বলে এতে জানানো হয়।
১৮৩ আসনের নতুন এই উড়োজাহাজে কোনো বিজনেস ক্লাস নেই। ১৫টি প্রিমিয়াম ইকোনমি এবং ১৬৮টি সাধারণ ইকোনমি আসন রয়েছে। সব আসন ৩-৩ বিন্যাসে সাজানো।
রিজেন্টের সিওও আশীষ রায় চৌধুরী বলেন, উড়োজাহাজটি আগামী মাসে চালু হতে যাওয়া ঢাকা-মাস্কট রুটে ব্যবহার করা হবে। তার আগ পর্যন্ত এটি বর্তমানের আন্তর্জাতিক রুটগুলোতে যাত্রী পরিবহন করবে।
বর্তমানে রিজেন্টের বহরের দুটি বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক ও কলকাতা রুটে এবং দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে চলছে।
