প্রথম বীমা মেলায় থাকছে ৫০ প্রতিষ্ঠান
দেশে প্রথমবারের মতো আয়োজিত বীমা মেলায় ৫০টি প্রতিষ্ঠান হাজির হচ্ছে নিজেদের বিভিন্ন সেবা নিয়ে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ মার্চ শুরু হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত তিনদিনের এই মেলা।
সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান শেফাক আহমেদ জানান, বীমার মাধ্যমে কিভাবে জীবন, স্বাস্থ্য ও সম্পদ সুরক্ষা করা যায় বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায় তা তুলে ধরাই হবে এ মেলার উদ্দেশ্য।
বীমাকে জনপ্রিয় করতে ‘বীমা দিবস’ ঘোষণার বিষয়েও আইডিআরএ কাজ করছে বলে তিনি জানান।
আইডিআরএ সদস্য কুদ্দুস খান বলেন, “বাংলাদেশের মাত্র দশমিক ৯০ শতাংশ মানুষ বীমার আওতাভুক্ত। এটি খুবই কম। যুক্তরাজ্যে ১১ শতাংশ, ফিলিপাইনে ৭ শতাংশ ও ভারতে প্রায় ৫ শতাংশ মানুষ বীমার আওতাভুক্ত। আমরা চাই আরও বেশি মানুষকে আওতাভুক্ত করতে।”
সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলাম, আইডিআরএর সদস্য জুবের আহমেদ খান, সুলতান-উল-আবেদীন মোল্লা, পপুলার লাইফ ইন্সুরেন্সের সিইও বিএম ইউসূফ আলী, গ্রিনডেল্টার সিইও ফারজানা চৌধুরী বক্তব্য রাখেন।
বীমা মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
