আমান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বেজা
প্রাক যোগ্যতা সনদ পাওয়া আমান অর্থনৈতিক অঞ্চল সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন এই বেসরকারি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চার বছর আগে পুঁজিবাজারে আসা কোম্পানিটি পোল্ট্রি শিল্প, জুটমিল, সিমেন্ট কারখানা, কাপড় ও পোশাকসহ বিভিন্ন শিল্প-কারখানা পরিচালনা করছে।
গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে সোনারগাঁয়ের বৈড্ডারবাজারে মেঘনা নদীর তীরে প্রায় ৯০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণে প্রাক-যোগ্যতা সনদ দেয় বেজা।
আমান গ্রুপের আশা, তাদের অর্থনৈতিক অঞ্চলটির ব্যাপ্তি বাড়িয়ে ১৫০ একরে পরিণত করা হবে। নির্মাণ শেষে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে সেখানে।
বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, পরিদর্শনকালে আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে বেজা নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীকে অবহিত করেন।
বেজার কর্মকর্তারা আমান সিমেন্ট মিলস-২ লিমিটেড, আমান প্যাকেজিং লিমিটেড ও আমান শিপ ইয়ার্ড লিমিটেডের নির্মাণ সংস্থাপন পরিদর্শন করেন।
আমান গ্রুপের পরিচালক তরিকুল ইসলাম, বেজার সচিব মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্যরা পরিদর্শক দলে ছিলেন।
