বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইট এপ্রিলে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী এপ্রিল মাস থেকে থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করতে যাচ্ছে।
সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান মন্ত্রণালয়।
এপ্রিলে ঢাকা-দিল্লি ফ্লাইট চালুর তথ্য জানিয়ে এতে বলা হয়, হাই কমিশনার ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বিমানমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
“একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়।”
হাই কমিশনার বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করতে পারবেন।
উত্তরাঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তিস্তার পানি বণ্টন চুক্তি জরুরি বলে বিমানমন্ত্রী অভিমত ব্যক্ত করলে হাই কমিশনার জানান, এ ব্যাপারে ভারত সজাগ ও সচেতন আছে।
