নাইজেরিয়া যাবে ওয়ালটনের ফ্রিজ-এসি
আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় ইলেক্ট্রনিক্স পণ্য রপ্তানির সব প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশীয় কোম্পানি ওয়ালটন।
বৃহস্পতিবার কোম্পানিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নাইজেরিয়ার প্রতিষ্ঠান ‘জে অ্যান্ড কে ওয়ালটন টেকনোলজিস নাইজেরিয়া লিমিটেডে’র সঙ্গে ওয়ালটন কর্তৃপক্ষের চূড়ান্ত চুক্তি হয়।
নাইজেরিয়ার পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা সনক্যাপ (স্ট্যান্ডার্ড অরগানাইজেশন অব নাইজেরিয়া কনফরমিটি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম) এর সনদ আগেই পেয়েছিল ওয়ালটন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেএন্ডকে ওয়ালটন টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনসন অগবু’র নেতৃত্বে তিন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। পরে তারা মতিঝিলে ওয়ালটন গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন।
প্রাথমিক অবস্থায় ওয়ালটনের ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার (এসি) যাবে নাইজেরিয়ায়।
বর্তমানে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সুদানসহ বিশ্বের ১৯টি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের পণ্য।
ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রধান রকিবুল ইসলাম রাকিব বলেন, ১৮ কোটিরও বেশি মানুষের দেশ নাইজেরিয়া। কৌশলগত বিপণন বিশ্লেষণে খুব সম্ভাবনাময় একটি বাজার দেশটি।
বাংলাদেশের বাজারে ওয়ালটন যেমন বিক্রির শীর্ষে রয়েছে, তেমনি ভবিষ্যতে নাইজেরিয়ার বাজারেও আমাদের শীর্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জে অ্যান্ড কে ওয়ালটন টেকনোলজিস নাইজেরিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনসন অগবু বলেন, নাইজেরিয়াতে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর তুলনায় ওয়ালটন পণ্যের দাম অনেক সাশ্রয়ী এবং মানের দিক থেকেও আরো উন্নত।
নাইজেরিয়াতে ইলেকট্রনিক্স পণ্যের সিংহভাগ বাজার দখলে ওয়ালটন দ্রুত এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
