২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলু রপ্তানি শুরু করেছে প্রাণ

এশিয়ার তিনটি দেশে আলু রপ্তানি শুরু করেছে প্রাণ; এর মধ্যে চলতি বছরেই ৪০ হাজার মেট্রিক টন রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইতে প্রায় চার হাজার মেট্রিক টন আলুর চালান পাঠানো হয়েছে।

শিগগির সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার, হংকং, নেপাল ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশে প্যাকেটজাত আলু রপ্তানি হবে বলে প্রাণের প্রধান রপ্তানি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন।

তিনি আরও বলেন, “আমরা প্রথমবারের মত মৌসুমি এ সবজিটি রপ্তানি করছি। গ্রানুলা, ডায়মন্ট, অ্যাসটেরিক্স ও কারেজ জাতের মানসম্পন্ন আলু রপ্তানি করছি।”

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বিদেশে আলু রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

লক্ষ্যমাত্রার অতিরিক্ত আলু উৎপাদন, সংরক্ষণ ও হিমাগার সুবিধা পর্যাপ্ত না থাকায় বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। নতুন এই রপ্তানি উদ্যোগের ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাবে বলেও জানান তিনি।

প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, দেশের উত্তরাঞ্চলে নিজস্ব চুক্তিভিত্তিক কৃষকদের মাধ্যমে আলু চাষ হচ্ছে। এসব কৃষকদের কাছে থেকে সংগৃহীত আলু বাছাই করে প্যাকেজিংয়ের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে।

“আমরা কৃষকদেরকে স্বল্পমূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করেছি। এরপর তাদের কাছে থেকে ন্যায্যমূল্যে আলু কিনেও নিচ্ছি। ফলে কৃষকেরা আলু চাষে আরও উৎসাহী হয়ে উঠেছে,” বলেন তিনি।