তার ছাড়াই টিভিতে স্যাটেলাইট চ্যানেল ‘রিয়েল ভিইউ’য়ে
স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন সিগন্যাল গ্রহণের মাধ্যমে শিগগিরেই বাংলাদেশে প্রথম ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা ‘রিয়েল ভিইউ’ চালু করতে সব প্রক্রিয়া শেষ করেছে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড।
এই সেবা চালুর পর মাসে মাত্র ৩০০ টাকায় গ্রাহক ২৬টিরও বেশি বাংলা চ্যানেলসহ ১০০টিরও বেশি চ্যানেল দেখতে পারবেন। প্রধান প্রধান সব চ্যানেলই থাকবে তালিকাতে, পাশাপাশি পাঁচটি এইচডি চ্যানেল দেখা যাবে একই প্যাকেজে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি এ তথ্য জানান।
তিনি বলেন, এই প্রযুক্তিতে স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন সিগন্যাল গ্রহণের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। তাই টিভি দেখার বিশ্বের সর্বাধুনিক সুবিধা এবং প্রযুক্তি দেশে চালু হতে যাচ্ছে।
“খুব শিগগিরই ‘রিয়েল ভিইউ’ ব্র্যান্ড নামে ডিটিএইচ সেবা চালু করতে আমরা সম্পূর্ণ তৈরি এবং বাংলাদেশের টিভি দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এই সেবা। এবিএস স্যাটেলাইট বিমের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুরুতে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই সেবা প্রদান করা হবে এবং ধীরে ধীরে সারা দেশের মানুষই এই সেবা গ্রহণ করতে পারবেন।”
সংবাদ সম্মেলনে জানানো হয় ‘রিয়েল ভিইউ’ সেবা নিতে একজন গ্রাহকের দরকার পড়বে একটি সেট টপ বক্স এবং ডিশ অ্যান্টেনা। ইন্সটলেশন এবং মূল্য পরিশোধের পরই একজন গ্রাহক ডিটিএইচ সেবা উপভোগ করতে পারবেন।
‘রিয়েল ভিইউ’ গ্রাহকদের জন্য থাকছে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা সুবিধা। মাসিক বিল পরিশোধ করা যাবে বিভিন্ন পদ্ধতিতে।
গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইতোমধ্যে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড ডিস্ট্রিবিউটরদের তালিকা চূড়ান্ত করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকাশ দাস বলেন, “একটি সেট টপ বক্স এবং ডিশ অ্যান্টেনায় একটি মাত্র টিভিতে এই সেবা পাওয়া যাবে। তবে ভবিষ্যতে একাধিক টিভিতে এই সেবা দেওয়া সম্ভব হবে।”
২০১৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডকে দেশে ডিটিএইচ সেবা চালুর লাইসেন্স দেয়।
‘রিয়েল ভিইউ’ বেক্সিমকো এবং জিএস গ্রুপের একটি যৌথ উদ্যোগ।
জিএস গ্রুপ একটি রাশিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেটি টেলিযোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে থাকে। শুধু বাংলাদেশই নয় জিএস গ্রুপ ক্যাম্বোডিয়া এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশে প্রযুক্তিগত সুবিধা দিয়ে আসছে।
ডিটিএইচ এমন একটি ডিজিটাল টেলিভিশন ডিস্ট্রিবিউশন সেবা যেখানে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে বাসায় স্থাপিত ডিজিটাল সেট টপ বক্সের মাধ্যমে টিভি সিগন্যাল গ্রহণ করতে পারবে।
বর্তমানে প্রচলিত যে কেবলের মাধ্যমে দর্শকরা টিভি দেখে থাকেন সে কেবলের আর প্রয়োজন থাকবে না ডিটিএইচ সেবা গ্রহণ করার পর।
এই সেবা শুরুর পর প্রচলিত কেবল টিভি ব্যবসা হুমকির মুখে পড়বে কি না- সাংবাদিকদের প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে লেপিস্কি বলেন, “এটি মূল্যায়ন করা কঠিন। আমরা সবার জন্য বিশ্বের সর্বাধুনিক সুবিধা এবং প্রযুক্তি সেবা নিয়ে আসতে চাই।”
