২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা বাজারে চাল-আটার দাম আরও কমল

সরকারি গুদামের মজুদ কমাতে এবং বিক্রি বাড়াতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল ও আটার দাম আবার কমিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 04:12 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

খোলা বাজারে বিক্রির জন্য প্রতিকেজি চালের দাম ২০ টাকা থেমে কমিয়ে ১৫ টাকা এবং আটা ১৯ টাকার পরিবর্তে ১৭ টাকা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সংগ্রহ ও সরবরাহ) মো. আতাউর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

দাম কমানোর কারণ সম্পর্কে কিছু না জানালেও তিনি বলছেন, ওএমএসের মাধ্যমে সরকার চাল-আটার বিক্রি বাড়াতে চায়।

আর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গুদামে মজুদ খাদ্য নষ্ট হওয়ার শঙ্কা থাকায় সরকার কম দামে ওএমএসের চাল-আটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

সবশেষ গত বছরের ২৩ নভেম্বর ওএমএসের চাল ও আটার দাম কমিয়েছিল সরকার।

ওই সময় প্রতিকেজি চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ২০ টাকা এবং আটার দাম ২২ টাকার পরিবর্তে ১৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২০১৩ সালের ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে ওএমএসের চালের কেজি ২৪ টাকা ও আটার দর ২২ টাকা নির্ধারণ করে সরকার।

দেশের প্রায় ৫০০টি কেন্দ্রে খোলা বাজারের চাল-আটা বিক্রি হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি গুদামে মজুদ চাল ও গমের সর্বশেষ অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী সম্প্রতি ওএমএসের চাল-আটার দাম কমানোর নির্দেশনা দেন।

দেশে খাদ্য গুদামের ধারণক্ষমতা ২০ লাখ মেট্রিক টন হলেও বর্তমানে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে।

কর্মকর্তারা বলছেন, মজুদ চাল ও গম গুদাম থেকে বের করতে না পারলে আগামী মওসুমে ধান-চাল সংগ্রহে জটিলতা দেখা দেবে। এছাড়া খাদ্যশস্য নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে।

খাদ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জিানিয়েছেন, গতবছরের জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ওএমএসে এক লাখ ২১ হাজার ৩৯ টন চাল-আটা বিক্রি হয়েছে।

আগের বছর একই সময়ে বিক্রি হয়েছিল দুই লাখ ২৬ হাজার ৬০৮ টন।