২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য পুরস্কার পেল নারীরা

প্রযুক্তির ক্ষেত্রে দেশের নারীদের উদ্ভাবনী ক্ষমতার স্বীকৃতি দিতে প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 03:20 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

গত মঙ্গলবার রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে ‘ডিজিটাল ইনোভেশন ফর উইমেন ২০১৬’ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এই আয়োজনের সহযোগিতায় থাকা প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা প্রতিষ্ঠান উইম্যান ইন ডিজিটালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারা দেশের ২৪৮ জন নারী উদ্যোক্তা ও শিক্ষার্থী অংশ নেন। এতে মোট ৪৯টি উদ্ভাবনী প্রকল্প জমা হয়।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৩২টি প্রকল্প বাছাই করে গত ২০ ফেব্রুয়ারি শুরু হয় প্রতিযোগিতার প্রথম এবং ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিথ হয়।

৮ মার্চ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ১৩টি প্রকল্পের মধ্যে প্রথম হয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন, দ্বিতীয় স্থানে রয়েছে এয়ার কিড ও তৃতীয় স্থানে রয়েছে ব্রেক ফ্রি প্রজেক্ট।

প্রথম স্থান অধিকারীকে আড়াই লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে দেড় লাখ ও তৃতীয় স্থান অধিকারীকে এক লাখ টাকা প্রদান করা হয়।

চুড়ান্ত পর্বের অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “তথ্য প্রযুক্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যেকার ব্যাবধান কমিয়ে দিয়েছে। এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের আইডিয়াগুলোকে কাজে লাগাতে হবে।

“আমার মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি তা করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমেদ।