আয় বাড়াতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংককে নির্দেশ
আয় বাড়িয়ে রাষ্ট্র মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত এমওইউ পর্যালোচনা বৈঠকে এর পাশাপাশি আরও এক ডজন নির্দেশনা দেন।
একই সঙ্গে ব্যাংকগুলোকে বড় ঋণের পরিবর্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি খাতে ঋণ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এই চার ব্যাংকের আর্থিক সূচক ও ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কয়েক বছর আগে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী প্রতি তিন মাস পরপর ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।
বৈঠকে ব্যাংকগুলোর আর্থিক সূচকের পাশাপাশি ব্যবস্থাগত উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং তার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সময়ে সময়ে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে।
কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিভিশন এই চার ব্যাংকের সঙ্গে করা এমওইউ’র অগ্রগতি পর্যালোচনা করে থাকে।
ওই বিভাগ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর শেষে সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ১৫ কোটি টাকা। জনতার ঘাটতি ৬৬৩ কোটি টাকা আর রূপালীর ঘাটতির পরিমাণ ৩৭৪ কোটি টাকা।
অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি না থাকলেও খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় উদ্বৃত্ত মূলধন কমে আসছে।
মূলধন ঘাটতি মেটাতে ব্যাংকগুলো দীর্ঘদিন ধরেই অর্থমন্ত্রণালয়ের কাছে তহবিল সহযোগিতা চেয়ে আসছে। সর্বশেষ বাজেটের আগেও ব্যাংকগুলো সাড়ে ৫ হাজার কোটি টাকা মূলধন সরবরাহের জন্য বাজেটে বরাদ্দ চেয়েছিল।
বৈঠকে ডেপুটি গভর্নর খেলাপি ঋণ আদায় বাড়ানো এবং নতুন করে যাতে ঋণ খেলাপি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, ঝুঁকি ব্যবস্থাপনার নির্দেশনা ঠিকমত অনুসরণ করা, ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি যথাযথ পরিপালন করা, নগদ সহায়তা ছাড় করার ক্ষেত্রে যথাযথ নিয়ম পরিপালন করা, কর্মকর্তা-কর্মচারীদের মানসিক পরিবর্তন ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য প্রশিক্ষণের আয়োজনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭ হাজার ৪৮৯ কোটি টাকা, জনতা ব্যাংকের ৩ হাজার ৭৬২ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ৪ হাজার ৭২১ কোটি টাকা এবং রূপালী ব্যাংকের ১ হাজার ৫৮৪ কোটি টাকা।
এই খেলাপি ঋণের মধ্যে শীর্ষ ঋণ খেলাপিদের কাছ থেকে (প্রতি ব্যাংকের শীর্ষ ২০ জন খেলাপি) গত তিন মাসে অর্থাৎ ডিসেম্বরের পর্যন্ত ৯৭৫ কোটি টাকা আদায়ের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
তবে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার মাত্র ১২ শতাংশ আদায় করতে পেরেছে।
এ বিষয়ে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা আয় বাড়িয়ে মূলধন ঘাটতি কমানোর চেষ্টা করছি। এজন্য সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি খাতে ঋণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
এজন্য শাখা প্রধানদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
