২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক যাত্রায় ৩০০ কোটি টাকা চায় প্রবাসী কল্যাণ ব্যাংক

বিশেষায়িত ব্যাংক থেকে তফসিলি ব্যাংকে রূপান্তরের জন্য মন্ত্রণালয়ের কাছে মূলধন সহযোগিতা হিসেবে ৩০০ কোটি টাকা চেয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 10:38 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

গত ২১ জানুয়ারি ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে এক চিঠিতে এ অর্থ সহযোগিতা চান।

চিঠি পেয়ে এই অর্থ দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত মন্ত্রণালয় দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজা।

তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি দিয়ে জানানো হয়েছে যে উনারা তহবিল সরবরাহ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে কিছু শর্ত দেওয়া হয়েছে। কারণ মন্ত্রণালয় এই অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে সরবরাহ করবে।

“ওই শর্তগুলো আলোচনার জন্য আমাদের পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে। পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেওয়ার পরে ব্যাংকের অবস্থান মন্ত্রণালয়কে জানানো হবে।”

আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে বলে জানান যুগ্মসচিব সেলিম রেজা।

ওই বোর্ড সভায় প্রবাসী কল্যাণ ব্যাংক আইন-২০১০ নিয়েও আলোচনা হবে। ওই আইনে ব্যাংকটিকে তফসিলি ব্যাংকে রূপান্তরে কোনো বাধা আছে কি না, থাকলে তা সংশোধন করার সুপারিশের বিষয়েও আলোচনা হবে বলে জানান এক কর্মকর্তা।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন করে সরকার। এটি একটি বিশেষায়িত ব্যাংক আইন।

আইন অনুযায়ী প্রবাসে যাওয়া ও প্রবাস থেকে ফিরে এসে দেশে আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য অর্থায়ন করাই ব্যাংকটির মূল কাজ। বাণিজ্যিক কোনো কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ নেই এই ব্যাংকের।

ওই আইনের অধীনে ২০১১ সালে ২০ এপ্রিল ব্যাংকটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রতিষ্ঠার শুরু থেকে প্রধানত প্রবাসে যাওয়ার জন্য ঋণ বিতরণ করে আসছে ব্যাংকটি। বর্তমানে সারা দেশে ব্যাংকটির ৪৯টি শাখা রয়েছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার বিদেশগামী ব্যক্তিকে ১২০ কোটি টাকা ঋণ দিয়েছে এই ব্যাংক। এছাড়া ১৪৮ জন বিদেশ ফেরত কর্মীকে ২ কোটি ৫২ লাখ টাকা ঋণ দিয়েছে।

ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।

ব্যাংক কোম্পানি আইন-২০১৩ অনুযায়ী তফসিলি ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। ওই ঘাটতি মেটাতেই ৩০০ কোটি টাকা চাইছে ব্যাংকটি।  

গত বছর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হিসেবে নুরুল ইসলাম বিএসসি দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ পর এক আধা সরকারি পত্রে ব্যাংকটিকে বিশেষায়িত থেকে তফসিলি ব্যাংকে রূপান্তরের অনুরোধ করেন।

মন্ত্রীর ওই অনুরোধে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নীতিগত সম্মতি দিয়েছে। তবে পরিশোধিত মূলধন বাড়ানো, বাণিজ্যিক এলাকায় প্রধান কার্যালয় স্থাপনের পরামর্শ দিয়েছে।