২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাড়ছে সবজির দাম, স্বস্তি মাছ-মাংসে

চট্টগ্রামে শীতের সবজির সরবরাহ কমতে থাকায় অন্যান্য সবজির দামও বাড়তে শুরু করেছে। বেড়েছে রসুন এবং ব্রয়লার মুরগির দামও। তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। স্বস্তি রয়েছে মাছবাজারেও। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

শুক্রবার নগরীর পাইকারি কাঁচা পণ্যের বৃহত্তম বাজার রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

রিয়াজউদ্দিন বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে কয়েকটি সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সবজির দাম ‘অভিজাত কাঁচাবাজার’ কাজীর দেউড়িতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

‘পয়সাওয়ালাদের বাজার’ হিসেবে পরিচিত কাজীর দেউড়িতে সবজির পাশাপাশি বিভিন্ন পণ্য অন্যান্য বাজারের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি থাকে। 

রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, মাস খানেক আগে ১২০ থেকে ১২৫ টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এদিন বিক্রি হয়েছে ১৫০ টাকায়। তবে দেশি মুরগির দাম রয়েছে আগের মতোই, প্রতি কেজি ৩৩০ টাকা।

এই বাজারে এক মাস আগে প্রতি কেজি ‘চায়না’ রসুন ৯০ টাকায় মিললে এখন লাগছে ২০০ টাকা; যার দাম গত সপ্তাহে ছিল ১৮০ টাকা।

বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীতের সবজির টান পড়তেই বাড়তে শুরু করেছে সবজির দাম।

শীত মৌসুমে চট্টগ্রামের উপজেলাগুলোতে প্রচুর সবজির হওয়ায় দামও কম থাকে। শীতের সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে বলে জানান রাসেল।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ঝিঙে পড়ছে ১০০ টাকা; গত সপ্তাহের তুলনায় ঝিঙের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।

সপ্তাহের ব্যবধানে বরবটির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। তবে বেগুন, শিম ও ফুলকপির দাম গত সপ্তাহে মতোই রয়েছে। এদিন ৪০ টাকা কেজিতে পাওয়া গেছে শিম। প্রতি কেজি ফুলকপি ও বেগুন বিক্রি হয় ৩০ টাকায়।

চিচিঙ্গার দাম কেজিতে গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি ঢেঁড়শ ৪৫ টাকা থাকলেও এদিন বিক্রি হয় ৬০ টাকায়। বেড়েছে পটলের দামও। এদিন প্রতি কেজি পটল বিক্রি হয় ৫০ টাকায়; যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।

টমেটোর দাম রয়েছে গত সপ্তাহের মতোই। এদিন প্রতি কেজি টমেটো পাওয়া গেছে ১৫ টাকায়। স্থানীয়ভাবে সরবরাহ পর্যাপ্ত থাকায় টমেটোর দাম বাড়েনি বলে জানান খুচরা সবজি বিক্রেতা রাসেল। 

কাঁচাবাজারে আসা নগরীর সিইপিজেড’র পোশাক কারখানার কর্মকর্তা সাজিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বছরে শীতের দুই মাস ছাড়া বাকি ১০ মাস কোনো না কোনো অজুহাতে সবজির দাম বাড়ে।”

নজরদারি থাকলে এসব সম্ভব হতো না বলে মনে করেন তিনি।

এদিকে মাছবাজার ঘুরে দেখা গেছে, বরাবরের মতোই স্বস্তিতে চলছে কেনাকাটা। রুই মাছ গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা কেজি। আর প্রতি কেজি তেলাপিয়া   মিলছে ১৩০ টাকায়, গলদা চিংড়ি ৬০০ টাকায় এবং সাগরের টাইগার চিংড়ি ৩৫০ টাকায়।

স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। গত সপ্তাহের মতো এদিনও হাড়সহ প্রতি কেজি গরুর মাংস ৩৮০ টাকায় ও হাড়ছাড়া গরুর মাংস ৪৮০ টাকায় পাওয়া গেছে।

পুরনো খবর:

শীতের সবজির সরবরাহে বাজারে ‘স্বস্তি’