শীতের সবজির সরবরাহে বাজারে ‘স্বস্তি’
শীতের মাঝামাঝি সময়ে মৌসুমী সবজির ‘পর্যাপ্ত’ সরবরাহ থাকায় চট্টগ্রামের কাঁচা বাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
শুক্রবার ছুটির দিনে নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা যায়।
সকালে সরেজমিনে রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি পাওয়া যাচ্ছে মান ভেদে ১০ থেকে ২০ টাকায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৮ টাকায়।
টমেটো, বেগুন, গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে বিক্রি হচ্ছে কেজিতে ১৫ থেকে ২০ টাকায়।মুলা পাওয়া যাচ্ছে আট থেকে ১০ টাকায়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরমান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কমতে থাকলেও এ সপ্তাহে দামটা স্বাভাবিক আছে।
বিসমিল্লাহ বাণিজ্যালয়ের কর্মী শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উৎপাদিত সবজিও বাজারে আসায় দাম কমেছে।
শুক্রবার মাছের বাজারে গিয়েও একই চিত্র দেখা যায়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে এক দফা।
কেজিতে ১২০ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হওয়া তেলাপিয়া শুক্রবার ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রুই মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়।
দাম কমেছে ইলিশেও; এক সপ্তাহ আগের ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হওয়া মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।
ব্রয়লার মুরগী ১৩০, পাকিস্তানি মুরগী ১৬৫ এবং দেশি মুরগী বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে।
আগের দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস; হাঁড় ছাড়া প্রতিকেজি ৪৮০ ও হাঁড়সহ ৩৫০ টাকায়।
