২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়েছে বাণিজ্য

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে গত বছর ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে কয়েকদফা রেড অ্যালার্ট জারি করা হলেও তা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 10:40 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

এ সময়ে বরং দেশটির সঙ্গে শতকরা ৮ দশমিক ৫ ভাগ বাণিজ্য বেড়েছে বাংলাদেশের।

যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনীতি বিষয়ক কর্মকর্তা ডানিয়েল কিন মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, “এটা খুবই ভালো প্রবৃদ্ধি। এই হার এমনকি সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির (বাংলাদেশের) থেকেও দ্রুত বেড়েছে।”

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়টি জেনে ব্যবসা করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি আগের চেয়ে অনেক বেশি বিভিন্ন বিষয়ে তাদের কাছে জানতে চায় বলেও জানান এই দূতাবাস কর্মকর্তা।

এক প্রশ্নের জবাবে কিন বলেন, “বাণিজ্য ও পণ্যের হার দ্রুত বাড়ছে; যার মানে এতে কোনো নেতিবাচক প্রভাব নেই।”

বৃহস্পতিবার ঢাকায় শুরু হতে যাওয়া ‘২৪তম ইউএস ট্রেড শো’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশে অ্যামেরিকান চেম্বার অব কর্মাসের (অ্যামচ্যাম) আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হতে যাওয়া তিনদিনের এই প্রদর্শনীতে সহযোগী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

এদেশে নিজেদের নাগরিকদের চলাচলের ওপর যুক্তরাষ্ট্র দূতাবাস রেড অ্যালার্ট জারি থাকার মধ্যেই দেশটির ৪০টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। অবশ্য এ সংখ্যা সর্বশেষ ২০১৪ সালের ট্রেড শোতে অংশগ্রহণকারী কোম্পানি (৪৩টি কোম্পানি) থেকে কম।

গত বছরের অক্টোবরে রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের সময় থেকে বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে  রেড অ্যালার্ট জারি করে যুক্তরাষ্ট্র দূতাবাস।

অবশ্য এই ট্রেড শোর সঙ্গে নিরাপত্তা বিষয়ে অ্যালার্ট জারির বিষয়টিকে সামনে আনতে চান না দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর আন্দ্রে বুয়েত্তা রদ্রিগেজ।

তিনি বলেন, “এই প্রদর্শনী একটি বড় কাজ। এখানে অংশগ্রহণকারীরা অসাধারণ, গুণসম্পন্নও।”

এর আগের প্রদর্শনীটি ঢাকা শেরাটন হোটেলে হয়েছিল জানিয়ে ট্রেড শো কমিটির প্রধান উপদেষ্টা খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “প্রদর্শনীর জন্য এবারের থেকে আগের বার অনেক বেশি জায়গা পাওয়া গেলেও সেটি প্রয়োজনের তুলনায় কম ছিল। এবছর আমরা দর্শনার্থীদের সুবিধার জন্য স্টলের আকৃতি আরও ছোট করার সিদ্ধান্ত নিয়েছি।”

কিছু কোম্পানি তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে এবার আসতে না পরার কথা জানালেও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের (আগের বারের ৪৩ এর জায়গায় এবার ৪০টি) সংখ্যা খুব বেশি কম নয় বলে মন্তব্য করেন তিনি।

অন্যান্য বারের মতো বোয়িং, কোকা-কোলা, ফোর্ড মোটরস, ডেল, আইবিএম ও মাইক্রোসফট এবারও প্রদর্শনীতে প্রধান অংশগ্রহণকারী হিসেবে থাকছে।

অ্যামচ্যাম সেক্রেটারি এইচ এন আশিকুর রহমান জানান, মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল, ইমেজ স্কিন কেয়ার, ডেকাট্যুর ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেশন ও কিছু বিশ্ববিদ্যালয়ও এবার প্রদর্শনীতে আসছে।

১৯৯২ সালে প্রথমবারের মতো এই ট্রেড শো শুরুর সময়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল এক বিলিয়ন ডলারের কম। বর্তমানে তা প্রায় সাত বিলিয়নের কাছাকাছি, যার মধ্য প্রায় ছয় বিলিয়ন বাংলাদেশের রপ্তানি।

অ্যামচ্যাম সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, এই ট্রেড শো নিজেদের গুণগত পণ্য ও সেবা প্রদর্শনে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য এক বড় সুযোগ।

“এটা দেশের ক্রেতা ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করছে।”

তিনদিনের এই প্রদর্শনীতে ১০ হাজারের বেশি দর্শনার্থী হবে বলে আশা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

এক বিবৃতিতে রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‍“এই প্রদর্শনী বাংলাদেশে পাওয়া যায় এমন অ্যামেরিকান পণ্যগুলোকে তুলে ধরার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করে।”

প্রদর্শনীর প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। পরিচয়পত্র দেখানো বা ইউনিফর্ম পরা থাকা ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রদর্শনীতে ঢুকতে পারবেন।

আয়োজকরা জানান, প্রদর্শনীর শেষ দিনে‌ ‘আকর্ষণীয়’ পুরস্কারসহ র‍্যাফেল ড্র এর ব্যবস্থা থাকবে।