দ্বিতীয় ‘ইনোভেশন এক্সট্রিম’ সম্মেলন ১৯ মার্চ
দেশে তথ্য-প্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী ১৯ মার্চ রাজধানীতে ‘ইনোভেশন এক্সট্রিম’ শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তথ্য-প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠান ‘এসডি এশিয়া’র এই সম্মেলন হবে হোটেল রেডিসনে। এর স্লোগান ‘বাংলাদেশ: দ্য নেক্সট টেক ফ্রন্টিয়ার’ এবং স্পন্সর গ্রামীণফোন।
সোমবার রাজধানীর ইএমকে সেন্টারে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন এসডি এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রাহমান।
তিনি বলেন, এবার দ্বিতীয়বারের মতো এ সম্মেলন হবে। এর মিডিয়া পার্টনার ফেইসবুক ও টেক ইন এশিয়া।
মোস্তাফিজুর রাহমান বলেন, “বাংলাদেশে খুব তাড়াতাড়ি আলিবাবা ও উবার আসতে যাচ্ছে। আরও অনেক বড় বড় টেক প্রতিষ্ঠানই বাংলাদেশের মার্কেটকে টার্গেট করে এগিয়ে আসছে। তাই খুব দ্রুতই বাংলাদেশের টেক অনেক দূর এগিয়ে যাবে।”
এ সুযোগ নিতে দেশি-বিদেশি কোম্পানি ও উদ্যোক্তাদের আকৃষ্ট করার লক্ষ্যেই এ সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।
এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফায়াজ তাহের বলেন, নিঃসন্দেহে এবারের ‘ইনোভেশন এক্সট্রিম’ গতবারের চেয়ে বড় পরিসরে হচ্ছে, যা নেটওয়ার্কিংয়ের জন্য সবচেয়ে কার্যকর। সম্মেলনে শীর্ষ ২০ স্টার্টআপ (নতুন উদ্যোক্তা) তাদের প্রজেক্ট দেশীয় বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে পারবে।
সম্মেলন সম্পর্কে এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি বলেন, এটা বাংলাদেশের টেক ব্যবসা নিয়ে ধারণা পাওয়ার সবচেয়ে উপযুক্ত ইভেন্ট। ছোট উদ্যোক্তারা এই ইভেন্টে বড় বিনিয়োগকারীদের সঙ্গে পরিচিত হতে পারবেন।
