২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেটওয়ার্ক উন্নয়নে এরিকসনের সঙ্গে টেলিনরের চুক্তি

বাংলাদেশসহ তিনটি দেশে অপারেটরগুলোর নেটওয়ার্কের উন্নয়নে নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসনের সঙ্গে চুক্তি করেছে টেলিনর গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 11:47 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

পাঁচ বছরের এই চুক্তিতে বাংলাদেশ, মিয়ানমার এবং থাইল্যান্ডে টেলিনর গ্রুপের অপারেটরগুলোর ৪জি/এলটিই নেটওয়ার্ক ডিজাইন, বাস্তবায়ন এবং বর্তমানে ২জি ও ৩জি নেটওয়ার্ক ট্রান্সফর্মেশনে কাজ করবে এরিকসন।

এছাড়া এই চুক্তির অধীনে এরিকসন হার্ডওয়্যার ও সফটওয়্যার সেবা দেবে বলেও বৃহস্পতিবার এরিকসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিনর গ্রুপের টেলিকম অপারেটরগুলোর নেটওয়ার্ক উন্নয়নে এরিকসনমাল্টি-স্ট্যান্ডার্ড রেডিও বেইস স্টেশন অরবিএস৬০০০ স্থাপন করবে, যা একই কেবিনেট থেকে ৩জি এবং ৪জি/এলটিই সাপোর্ট দেবে।

এছাড়া রেডিও ডট সিস্টেম এবং আরবিএস৬৪০২ এর মতো ইনডোর স্মল সেলও বাসানো হবে।

স্মল সেল বেস স্টেশন আরবিএস৬৪০২ স্থাপনার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে সেল্ফ অরগানাইজিং নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে গ্রাহকদের ৩০০ এমবিপিএসএর বেশি স্পিড দিতে পারে।

“এছাড়া রেডিও ডট সিস্টেম স্থাপনার মাধ্যমে মোবাইল ডাটা ৫ গুণ বেশি কার্যকর হবে, কলড্রপ জিরোতে নেমে আসবে এবং ইন্সটলেশন টাইম প্রতি ডটে চার মিনিটেরও কমে নেমে আসবে।”

চুক্তিতে বলা হয়েছে যে, নির্দিষ্ট কিছু এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক ও নিখুঁত মোবিলিটি প্রদানের লক্ষ্যে মাইক্রো রেডিও বেস স্টেশন আরবিএস৬৫০১ বসানো হবে।

নেটওয়ার্কের এই ট্রান্সফরমেশনের মাধ্যমে টেলিনরের টেলিকম অপারেটর গ্রামীণফোন (২জি/৩জি), মিয়ানমার টেলিনর এবং ডিট্যাক’র (৪জি/এলটিই) গ্রাহকরা শক্তিশালী নেটওয়ার্ক ও উন্নত ব্রডব্যান্ড সুবিধা পাবেন।

এছাড়াও দ্রুত ওয়েব ব্রাউজিং ও ডাউনলোড সুবিধাসহ উন্নত স্মার্টফোন এক্সপেরিয়েন্স পাবেন গ্রাহকরা।