২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ-বাংলায় ‘ভার্চুয়াল’ ক্রেডিট কার্ড

ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ক্রেডিট কার্ড চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 12:09 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আইটি ফি প্রদানে ডাচ-বাংলা ব্যাংকের এই ভার্চুয়াল কার্ড চালু করা হয়েছে। এর ফলে ব্যক্তিপর্যায়ের অ্যাপস ডেভেলপার বা প্রোগ্রামারদের অনলাইন পেমেন্ট সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কাছে বেসিসের দীর্ঘদিনের দাবি পূরণ হল।

এ কার্ড ব্যবহার করে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে (উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরি, ফায়ারফক্স ইত্যাদি) গেমস, সফটওয়্যার লাইসেন্স, মোবাইল কিংবা গেমস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষার ফি, যে কোনো ডোমেইন নিবন্ধন, হোস্টিং, ক্লাউড সেবা, হ্যাকাথন ইত্যাদি ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৩০০ ডলার পরিশোধ করা যাবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে ভার্চুয়াল কার্ড চালুর নির্দেশনা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ক্রেডিট কার্ড চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক।

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান ছাড়াও বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও বেসিসের পরিচালক সানি মো. আশরাফ খান।

বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশসহ ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেসিস সভাপতি শামীম বলেন, বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) অনলাইন বাজারে ছাড়ার জন্য বিশ্বখ্যাত অ্যাপ স্টোরে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিবন্ধিত হতে হয়। এছাড়া অ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কোর্স কিংবা ডোমেইন কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের প্রয়োজন হয়।

“এ অর্থ দেওয়ার সহজ সুবিধা না থাকায় বাংলাদেশের ব্যক্তিপর্যায়ের অ্যাপস নির্মাতা বা প্রোগ্রামাররা অনেকেই নানা সমস্যার মধ্যে ছিলেন। আমরা প্রত্যাশা করি এই কার্ডের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে অনলাইন লেনদেনে যে ভোগান্তি ছিলো তা দূর হয়ে যাবে।”

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড তাদের দেশব্যাপী সব শাখায় এই সেবা চালু করেছে।

এই কার্ড নিতে আবেদনকারীকে প্রোগ্রামার, ডেভেলপার বা ফ্রিল্যান্সার হিসেবে প্রমাণ দেখাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) থেকে অনুমোদন নিতে হবে।