২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা-কৃষিতে বিনিয়োগে আগ্রহী পোল্যান্ড

কৃষিপণ্য সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কয়লা খাতে বিনিয়োগে পোল্যান্ড আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

মঙ্গলবার পোল্যান্ডের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী এই কথা জানান।

মন্ত্রী বলেন, পোল্যান্ড বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহী। বিশষ করে কয়লা খাত এবং কৃষিপণ্য সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

তোফায়েল আহমেদ বলেন, “বাংলাদেশে এ মুহূর্তে ৩০টি স্পেশাল ইকনমিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। বিনিয়োগে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। পোল্যান্ডকে এখানে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে।

“কয়লা খাতে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে পোল্যান্ডের,  এ খাতে তারা বাংলাদেশে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের কৃষি পণ্য সংরক্ষণ ও প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড।”

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি উপস্থিত ছিলেন।

পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক ডেপুট মিনিস্টার রাডোসলো ডোমাগালস্কি-লাবেদজকি প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।

এই বৈঠক উপলক্ষে দেওয়া দুই দেশের বাণিজ্য নিয়ে এক বিবরণীতে বলা হয়, গত অর্থ বছরে বাংলাদেশ পোল্যান্ডে রপ্তানি করেছে ৫৯৪ দশমিক ৩৪ মিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৩৯ দশমিক ৫০ মিলিয়ন ইউএস ডলারের পণ্য।

পোল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, কাঁচাপাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, টেবিল ওয়্যারসহ বিভিন্নপণ্যের চাহিদা রয়েছে।