হবিগঞ্জে প্রাণ-আরএফএল কারখানায় ১২ হাজার কর্মসংস্থান
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল কারখানায় স্থানীয় ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
বৃহস্পতিবার হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “২০১৪ সালের মার্চে শায়েস্তাগঞ্জে কারখানাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। গত দুই বছরে এখানে ১২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, কারখানায় শ্রমিক-কর্মচারীদের জন্য নিরাপদ খাদ্য, স্বাস্থ্য, পরিষ্কার-পরিছন্নতাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রাণ-আরএফএল গ্রুপ। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, বৈষম্য প্রতিরোধ ও নারীবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে তারা।
বিবৃতিতে জানানো হয়, ৬৫০ বিঘা জুড়ে অবস্থিত এ কারখানায় আছে ২৮টি প্রডাকশন লাইন। নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইটিপি।
কারখানায় লিকুইড গ্লুকোজ, বিস্কুট, বেভারেজ, কনফেকশনারি, ইলেকট্রনিক্স, মেলামাইন, বাইসাইকেল, পিভিসি, মল্ডেড প্লাস্টিক, এমএস ও জিআই পাইপ, টেক্সটাইল ও টয়লেট্রিজ সামগ্রী উৎপাদিত হচ্ছে।
মতবিনিময় সভায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক, আরএফএল বাইক এর জিএম জাফর ইকবাল, সিনিয়র ম্যানেজার প্রাণ-অ্যাডমিন এহসানুল হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের কমিউনিকশেন ম্যানেজার জিয়াউল হকসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে জানানো হয়, প্রক্রিয়াজাত খাদ্য ও গৃহস্থালী প্লাস্টিক পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে দেশের শীর্ষস্থানে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। বর্তমানে বিশ্বের ১২৩টি দেশে পণ্য রপ্তানি করছে দেশি এই কোম্পানি।
