ঢাকায় চলছে ভবন নির্মাণ সামগ্রীর মেলা
স্থাপনা নির্মাণের আধুনিক সামগ্রী ও প্রযুক্তির সমাহার নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশি-বিদেশি কোম্পানিগুলোর সর্বাধুনিক পণ্যের এই মেলা শুরু হয়।
মেলায় রয়েছে স্টিল-অ্যালুমিনিয়ামের বিভিন্ন যন্ত্রাংশ, সিলিকন, ব্রিক্স, গ্লাস ও সিরামিকসহ নির্মাণ কাজের আরও কিছু পণ্য। রয়েছে ‘কংক্রিট ক্যানভাস’ নামের বিশেষ ধরনের পণ্য, যা দেশের বাজারে এবারই প্রথম এসেছে বলে দাবি মেলা সংশ্লিষ্টদের।
বিকালে শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া মেলার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন। আয়োজক কাইটস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান ও ইঞ্জিনঅয়েল কোম্পানি ফুকস প্রতিনিধি জসিম উদ্দিন অন্যদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শিল্প সচিব বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার সুযোগে দেশে এখন ব্যাপক হারে স্থাপনা নির্মাণ চলছে। মেলায় যে ধরনের দেশি-বিদেশি পণ্য নিয়ে আসা হয়েছে তা নির্মাণ শিল্পর সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
তিনি জানান, মেলায় ইউরোপের বিভিন্ন দেশ এবং চীন ও শ্রীলঙ্কাসহ অনেক দেশের প্রতিষ্ঠান স্টল সাজিয়েছে। মেলায় এমন অনেক কিছু আছে, যা বাংলাদেশে এবারই প্রথম।
আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ অ্যান্ড কোম্পানির কর্মকর্তা সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলের, “মাটির ক্ষয়রোধে কংক্রিট ক্যানভাসের ব্যবহার রয়েছে উন্নত দেশগুলোতে। সড়ক, খাল, নালা ও রেললাইনের পাশে কংক্রিট ক্যানভাস স্থাপন করে ৫০ বছর পর্যন্ত উপকার পাওয়া যাবে। বাংলাদেশে এবারই পণ্যটি আমদানি করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান কাইটস ইন্টারন্যাশনালের পরিচালক ঝর্ণা জানান, ইন্টারন্যাশনাল বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশান টেকনোলজি (বিটিসি) ও আন্তর্জাতিক পাওয়ার সোর্সিং এক্সপো শিরোনামের এই মেলায় লাইটিং, জেনারেটর, সোলার প্যানেল ও বৈদ্যুতিক কেবল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্টল দিয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।
