২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি-এয়ারটেল গণশুনানি: আলোচনায় গ্রাহক স্বার্থ, প্রতিযোগিতা

রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূতকরণের উদ্যোগকে স্বাগত জানালেও গ্রাহক স্বার্থ ও বাজার প্রতিযোগিতা এবং কর্মীদের চাকরির নিশ্চয়তা ও সুষ্ঠু তরঙ্গ ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ও অপারেটর প্রতিনিধিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 05:57 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূতকরণের আবেদন নিষ্পত্তির জন্য বুধবার টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে গণশুনানিতে এই মতামত আসে।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ অনুষ্ঠানের শুরুতে বলেন, গণশুনানিতে মোট ৯৮ জন নিবন্ধন করেন। লিখিতভাবে মতামত দেন ১০০ জন।

তবে শুনানিতে উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেছেন মাত্র ৩২ জন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্য‌ন্ত এ শুনানি চলে।

বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা দানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, ভোক্তা সংঘ ও পেশাজীবী  প্রতিনিধিরা এ শুনানিতে অংশ নেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে ব্যারিস্টার আনিক আর হক বলেন, দুটি অপারেটর একীভূত হলে তাদের তরঙ্গ (স্পেকট্রাম) সবচেয়ে বেশি হবে। একীভূত হওয়ার পর দুই অপারেটরের তরঙ্গও একীভূত হবে কিনা আইন অনুযায়ী তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, একীভূত হলে দুই কোম্পানীর কর্মীদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। এক বছর পর আবার স্বেচ্ছায় চাকরি ছাড়ার কোনো স্কিম ঘোষণা করা হবে কি না- তাও আগে থেকে জানানো উচিৎ।

এ দুই কোম্পানি একীভূত হওয়ার পর বড় তিনটি অপারেটরের মার্কেট শেয়ার হবে ৯৬ শতাংশ। বাজারের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেলে প্রতিযোগিতা থাকবে না। তখন গ্রাহক সেবা নিয়ে অপারেটরদের আর মনোযোগ নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আনিক আর হক।

ব্যবসায়ী ফারহান চৌধুরীও একীভূত হওয়ার পর সেবা পাওয়ায় কোনো সমস্যা যাতে না হয়- সেদিকে খেয়াল রাখতে বলেন।

গত ডিসেম্বরের তথ্য অনুযায়ী, রবি ও এয়ারটেলের সম্মিলিত গ্রাহক সংখ্যা প্রায় চার কোটি। আর সাড়ে ৫ কোটির বেশি গ্রাহক ব্যবহার করেন গ্রামীণ ফোন।

রবি-এয়ারটেল মিলে গেলে দেশের ১৩ কোটি ৩৭ লাখ গ্রাহকের মধ্যে প্রায় দশ কোটি চলে যাবে এখনকার এই তিন কোম্পানির হাতে।

একীভূত হওয়ার বিষয়টি চারটি বিষয়ের উপর নির্ভর করছে জানিয়ে বিটিআরসি প্রধান শাহজাহান মাহমুদ বলেন, “সমীক্ষা, অপারেটরদের মতামত, গণশুনানি হওয়ার পর বিটিআরসির উচ্চ পর্যায়ের একটি কমিটি এসব বিষয় নিয়ে চূড়ান্ত মতামত জানাবে। এসব সব কিছু হওয়ার পর আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।”

আর একীভূত হলেও চাকরি যাবে না- এই নিশ্চয়তা দুই অপারেটর থেকেই পাওয়া গেছে বলে জানান তিনি।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে আহমেদ আল সামী শুনানিতে বলেন, রবি ও এয়ারটেল একীভূত হলে তারা ১০ কোটি করে মোট ২০ কোটি নম্বর জেনারেট করতে পারবে। এতে অন্য অপারেটরদের কোনো সমস্যা হবে কি-না তা দেখতে হবে।

ব্যবসায়ী আশিক চৌধুরী বলেন, “কোনো একটি প্রতিষ্ঠান বন্ধ না হয়ে একীভূত করার পর টিকে থাকা ভালো। তবে এয়ারটেলের নম্বরটা ঠিক রাখতে চাই।”

রবির পিপল অ্যান্ড করপোরেট বিভাগের টেকনিক্যাল রেগুলেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অনামিকা ভক্ত বলেন, একীভূত হলে দুই বা তিন বছর নম্বর ঠিকই থাকবে। তবে একটি সময়ের পর আর এয়ারটেলের নম্বর নতুন করে দেওয়া হবে না।

টেলিযোগাযোগ খাতের সার্ভিস প্রোভাইডার একটি কোম্পানির কর্মকর্তা মো. মহসীন বলেন, একীভূতকরণের পর অযাচিত ট্যারিফ যাতে গ্রাহকের ওপর না পড়ে।

আইনজীবী ফাতেমা আনোয়ার বলেন, গণশুনানিতে ৯৮ জন দেশের ১৭ কোটি জনগণের প্রতিনিধিত্ব করে না। একীভূত হলেও গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে।

আইনজীবী ইউসুফ আলী বলেন, “একীভূত হওয়ার পর তিনটি অপারেটরের হাতে ৯৬ শতাংশ মার্কেট শেয়ার চলে গেলে নতুন বিনিয়োগ হবে না। এর ফলে গ্রাহকদের জন্য ভয়ঙ্কর কিছু হতে পারে।”

প্রতিযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ইউসুফ আলী বলেন, আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিয়ে এ বিষয়ে সমীক্ষা করা উচিত। যে দুটি সংস্থা এখন এ সমীক্ষা করছে, তাদের কোনো অভিজ্ঞতা নেই।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, যে দুটি সমীক্ষা করা হচ্ছে তা আন্তর্জাতিক মান অনুযায়ীই করা হচ্ছে। সমীক্ষা প্রতিবেদনে বাজার প্রতিযোগিতার বিষয়টিও রয়েছে।

রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূত করতে গত জানুয়ারিতে আনুষ্ঠানিক চুক্তির পর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, একীভূত কোম্পানি রবি নামেই ব্যবসা চালাবে।

রবির মালিকানা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের। অন্যদিকে এয়ারটেলের মালিক ভারতের ভারতি এয়ারটেল; তারা ওয়ারিদের ব্যবসা বাংলাদেশে কিনে নিয়েছিল।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, কমিশনার মনিরুল ইসলাম ও জহিরুল ইসলামসহ কর্মকর্তারা শুনানিতে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

এয়ারটেল মিললেও নাম হবে রবি
রবি-এয়ারটেল একীভূত: গণশুনানি ও সমীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত
রবি-এয়ারটেল একীভূত নিয়ে গণশুনানি হবে
রবি-এয়ারটেল একীভূতকরণে ‘আপত্তি নেই কারও’