২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রতিযোগিতা শুরু

দেশের উদ্যোক্তাদের উদ্ভাবনীমূলক প্রকল্প আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে এসব উদ্যোগ নিয়ে প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 03:10 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

ইউল্যাবে কানেক্টিং স্টার্টআপস সেমিনার

মঙ্গলবার রাজধানীতে ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ শিরোনামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, “দেশে যাতে বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি হয় তার জন্যই আমরা ‘কানেক্টিং স্টার্টআপস’ আয়োজন করি। এতে ৪৩৪টি আবেদন পড়েছে, যা সত্যিই আশাব্যঞ্জক।

“আমরা দেশে এক হাজার উদ্ভাবনী প্রকল্প তৈরিতে কাজ করছি। যেগুলো নিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে বড় অবস্থান নেওয়ার স্বপ্ন দেখি। আমরা প্রত্যাশা করি, এই প্রতিযোগিতার মাধ্যমে তেমনই কিছু উদ্ভাবনী প্রকল্প বেরিয়ে আসবে।”

প্রতিযোগিতায় সেরা ৫০ জনকে দীর্ঘমেয়াদে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির সঙ্গে যোগাযোগ, বিনিয়োগ ও মেন্টরিংসহ প্রয়োজনীয় সব ধরণের সুযোগ-সুবিধা পেতে সহায়তা করা হবে বলে পলক জানান।

“৫০ জনের মধ্যে থেকে ১০ বিজয়ীকে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপদের জন্য বরাদ্দকৃত স্থানে বিনামূল্যে অফিস স্পেস ছাড়াও অর্থসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।”

১০ জনের বাইকে বাকি প্রতিযোগীরাও বিভিন্ন ধরনের সহযোগিতা পাবেন বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন এবং পরিচিতি অনুষ্ঠানে বাছাই পর্ব শুরু হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, প্রতিযোগিতায় বিজয়ীদের উচ্চগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের বিনিয়োগ সমস্যা সমাধান ও মানোন্নয়নসহ উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে।

এই আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।

সংবাদ সম্মেলনে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালসহ সম্ভব আরও কিছু বিনিয়োগ প্রতিষ্ঠানের মাধ্যমে এসব উদ্যোগকে সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর সংস্পর্শে আনা এবং তাদের বিনিয়োগ ও মেন্টরিংসহ প্রয়োজনীয় সব ধরণের সুযোগ-সুবিধা পেতে সাহায্য করবে বেসিস।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস্ বলেন, “আমরা সফটওয়্যার টেকনোলজি পার্কে ডিজিটাল ইনকিউবেশন সেন্টার তৈরি করছি, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইডিয়া ও স্টার্টআপসকে মেন্টরিংসহ আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বক্তব্য রাখেন।