চাহিদা মেটাতে ইলিশও আমদানি হচ্ছে: মন্ত্রী
দেশের মানুষের চাহিদা মেটাতে অন্যান্য মাছের সঙ্গে ইলিশও আমদানি করা হচ্ছে বলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানিয়েছেন।
২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে ৩০৪ কোটি টাকার ৯৭ হাজার ৩৮৪ টন মাছ আমদানি করা হয়েছে বলে রোববার সংসদে প্রশ্নোত্তরে জানিয়েছেন তিনি।
ভারত, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইয়েমেন থেকে এসব মাছ আনা হয়।
এর মধ্যে ইলিশ ছাড়াও রুই, কাতলা, বোয়াল, চিতল, আইড়, বাইম, কাঁকিলা, চাপিলা, রূপচাঁদা, বিভিন্ন ধরনের ক্যাটফিস, গিজার্ড সেড, সার্ডিন, চাপিলা, চকোরি, হোয়াইট সেড, ইচরি মলা, বাটা, কোরাল ইত্যাদি রয়েছে।
বর্তমানে দেশে ৪০ দশমিক ৫৫ লাখ টন মাছেরর চাহিদা রয়েছে বলে আরেক প্রশ্নের জবাবে জানিয়েছেন মন্ত্রী।
চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ৪৬ হাজার ২৫৭ টন মাছ রপ্তানি করে ৩৩৯ মিলিয়ন ডলার আয় করেছে বলে অপর এক প্রশ্নের জবাবে জানিয়েছেন তিনি।
ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তিতে নতুন করে যেসব এলাকায় বাংলাদেশের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কী সম্পদ রয়েছে সে বিষয়ে কোনো জরিপ না হওয়ায় বাংলাদেশের ট্রলারগুলো ওই সব এলাকায় মাছ ধরতে যেতে আগ্রহী নয় বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বঙ্গোপসাগরে বাণিজ্যিক ট্রলারগুলো সাধারণত চিহ্নিত ও পরিচিত এলাকায় মাছ ধরে। জরিপ না হওয়ায় নতুন করে পাওয়া সমুদ্র এলাকায় মাছের মুজদ সম্পর্কে কারও ধারণা নেই।
“বাণিজ্যিক ট্রলারগুলোও অপরিচিত এলাকায় মাছ ধরতে আগ্রহ প্রকাশ করে না।”
“মালয়েশিয়ায় নির্মাণাধীন গবেষণা ও জরিপ জাহাজ বাংলাদেশে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে নতুন এলাকায় জরিপ করা হবে। এরপর মাছের মজুদ নির্ণয় করে বাণিজ্যিক ট্রলারগুলোকে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে উৎসাহিত করা হবে,” বলেন তিনি।
এক মাসের মধ্যে মালয়েশিয়া থেকে জরিপ জাহাজ বাংলাদেশে আসবে বলে আরেক প্রশ্নের জবাবে জানান তিনি।
