২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট কমিয়ে ৭% চায় এফবিসিসিআই

জনসাধারণের ওপর আরোপিত মূল্য সংযোজন করের (ভ্যাট) বোঝা কমিয়ে ৭ শতাংশে নির্ধারণের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 09:34 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

সোমবার রাজধানীতে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এক সেমিনারে সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ দাবি জানান।

তিনি বলেন, “১৫ শতাংশ ভ্যাট অনেক বেশি, এটা জনসাধারণকে দিতে হয়; ব্যবসায়ীরা সংগ্রহ করে মাত্র। মালয়েশিয়াতে ৬ শতাংশ, থাইল্যান্ডে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট নেওয়া হয়।

“বাংলাদেশ ইউরোপ, মালয়েশিয়া বা থাইল্যান্ড হয়ে যায়নি। তাহলে বাংলাদেশে ১৫ শতাংশ ভ্যাট হওয়ার যুক্তি কী?”

ভ্যাট আদায়ে অনলাইন ব্যবস্থা চালুর দিন থেকে ভ্যাট কমিয়ে ৭ শতাংশ হারে আদায়ের প্রস্তাব করেন এফবিসিসিআই সভাপতি।

নতুন ভ্যাট আইন অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দিন থেকে অনলাইনে ভ্যাট আদায় শুরু হবে। ২০১২ প্রণীত আইনটি চলতি অর্থবছর থেকে বাস্তবায়নের কথা থাকলেও প্রস্তুতির অভাবে তা সম্ভব হয়নি।

এই আইনে সব ধরনের ভ্যাট ১৫ শতাংশ হারে আদায় করার কথা বলা হয়েছে। বর্তমানেও অধিকাংশ ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট নিয়ে থাকে সরকার। তবে কয়েকটি ক্ষেত্রে ৪ ও ৫ শতাংশ হারে এবং প্যাকেজ ভ্যাটও নেওয়া হয়। 

ভ্যাট আদায় ব্যবস্থা সহজ করার প্রস্তাব দিয়ে ব্যবসায়ী নেতা মাতলুব বলেন, “পাঁচ মাস পরে অনলাইনে ভ্যাট আদায় হবে। কিন্তু ব্যবসায়ীরা এজন্য প্রস্তুত না। অনেকে বিষয়টি পরিষ্কার করে বোঝেও না। এজন্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া দরকার। আমরা এক টাকার কর দিতে গিয়ে তিন টাকার হয়রানি চাই না।”

অনলাইন ভ্যাট সংগ্রহ পদ্ধতি বিষয়ে এফবিসিসিআইয়ের সঙ্গে এনবিআর যৌথভাবে কাজ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

“আমাদের বিভাগীয় ও জেলা চেম্বার ও ব্যবসায়ী সমিতিগুলো এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছে।”

কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ।

এনবিআরের সদস্য ফরিদউদ্দিন, জাহাঙ্গীর হোসেন ও ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক রেজাউল হাসানও এতে বক্তব্য রাখেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, “ভ্যাট অনলাইন পদ্ধতি চালু হলে হয়ত কিছু জটিলতা দেখা দিতে পারে। তবে দু এক বছরের মধ্যে তা ঠিক হয়ে যাবে।”

প্রকল্প পরিচালক রেজাউল হাসান বলেন, “রাজস্ব আয় বাড়ানো ও করদাতাদের ভ্যাট দেওয়া সহজ করার জন্য নতুন ভ্যাট আইন করা হয়েছে। এই আইনের মাধ্যমে ব্যবসা খরচ কমবে, বিনিয়োগ উৎসাহিত হবে।”

নতুন আইন অনুযায়ী কোনো মাসের সংগৃহীত ভ্যাট পরবর্তী মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বকেয়া ভ্যাট পরিশোধ করা না করলে ব্যবসায়ীর বিআইএন নম্বর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ (লক) হয়ে যাবে। এতে ওই ব্যবসায়ীর আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে যাবে।

আগামী ১ এপ্রিল থেকে অনলাইন ভ্যাট নিবন্ধন শুরু হবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক। বর্তমানে সারা দেশে তিন লাখের বেশি ব্যবসায়ীর ভ্যাট নিবন্ধন রয়েছে।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, “ভ্যাট অনলাইন প্রকল্প এখন প্রস্তুত। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের সাথে সব ধরনের আলোচনা করা হবে।”