বাণিজ্য মেলায় রপ্তানির আদেশ বেড়ে দ্বিগুণ
গত কয়েক বছরের চিত্রের বিপরীতে স্থিতিশীল রাজনৈতিক অবস্থার মধ্যে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার রপ্তানির আদেশ গত বারের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে।
শেরে বাংলা নগরে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মাসব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই তথ্য জানান।
সাপ্তাহিক ছুটির দিনের মতো না হলেও রোববার শেষ দিনেও ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল মেলা প্রাঙ্গণে।
মিরপুরের শেওড়াপড়া থেকে আসা সাবিনা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেষ দিনে বিক্রেতারা অনেক ছাড় দেয় বলে শুনেছি। তাই কম দামে কিছু কিনতে এসেছি।”
চার হাজার টাকা দিয়ে একটি কার্পেট কেনেন এই গৃহিনী। তিনি বলেন, “আগে যেদিন এসেছিলাম সে দিন দাম অনেক বেশি চেয়েছিল।”
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম সচিব রেজাউল করিম বলেন, “এবার হরতাল-অবরোধ-অস্থিরতা না থাকায় বিপুল সংখ্যক দর্শনার্থী মেলায় এসেছিল।”
বিকালে মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, এবার মেলা থেকে ২৩৫ কোটি টাকার (৩ কোটি ০১ লাখ ডলার) রপ্তানি আদেশ পাওয়া গেছে। এই অঙ্ক গতবারের দ্বিগুণেরও বেশি।
গত মেলায় ১ কোটি ২১ লাখ ডলারের রপ্তানি অর্ডার পাওয়া গিয়েছিল।
ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সস, পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, বাসন-কোষণ, হ্যান্ডলুম ও হস্তশিল্পজাত পণ্য, হোম টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্যের রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানান মন্ত্রী।
বিক্রিও দ্বিগুণ
তোফায়েল আহমেদ জানান, এবার মেলায় ১২১ কোটি ৪৭ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।
গত মেলায় বিক্রির পরিমাণ ছিল প্রায় অর্ধেক; ৭১ কোটি ২ লাখ টাকা।
তোফায়েল বলেন, “এবার মেলার শুরু থেকে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিত ছিল ব্যাপক। মেলায় ব্যবসায়ীরা বেশ লাভবান হয়েছে। এই মেলা এখন ব্যবসা-বাণিজ্যের চালিকা শক্তিতে পরিণত হয়েছে। দেশে-বিদেশে সমাদৃত হয়েছে এই মেলা।”
বাণিজ্য মেলায় একটি ফার্নিচারের প্যাভিলিয়ন
তিনি বলেন, বাণিজ্য মেলা শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মেলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে দেশীয় পণ্যের গুণগত মানের তুলনা, পণ্য বহুমুখীকরণ, আধুনিক মোড়কীকরণ ব্যবস্থা, পণ্য উপস্থাপন, বিপণন শৈলী এবং প্রতিযোগী মূল্য সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পেয়েছে সংশ্লিষ্ট সবাই।
এবার দেশি-বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নতুন পণ্যেরও সমাবেশ ঘটেছে জানিয়ে আগামীতে এ মেলা আরও আকর্ষণীয় করার প্রতিশ্রুতিও দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশ এখন শক্ত অর্থনীতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকাই বড়। সরকার চাহিদা মোতাবেক ব্যবসায়ীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে।”
সমাপনী অনুষ্ঠানে মেলার শ্রেষ্ঠ প্যাভিলিয়ন হিসেবে ওয়ালটন প্রথম পুরস্কার, হাতিল কমপ্লেক্স লিমিটেড দ্বিতীয় এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস, আক্তার ফার্নিচার যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান থেকে নান্দনিক এবং স্থাপত্য দিক বিবেচনায় শ্রেষ্ঠ-প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল ব্যবস্থাপক বা প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
