২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ রপ্তানির আয় ছয় বছরে শতগুণ বাড়বে, আশা বাণিজ্যমন্ত্রীর

২০২১ সালে ওষুধ রপ্তানি থেকে বাংলাদেশের আয় প্রায় একশ গুণ বেড়ে ৬০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশাপ্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 07:23 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

নতুন আশায় ‘প্রস্তুত’ ওষুধ খাত

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আয়োজিত ‘৮ম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাজার ও পণ্য বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সে পরিকল্পনার অংশ হিসেবে ওষুধ রপ্তানি বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। ইতিমধ্যেই আমাদের কয়েক ওষুধ কোম্পানি আমেরিকায় ওষুধ রপ্তানির অনুমোদন পেয়েছে।

এই সুযোগকে ‘দেশের রপ্তানি বাণিজ্যের জন্য খুব ইতিবাচক’ উল্লেখ করে তোফায়েল বলেন, “২০২১ সালের মধ্যে দেশের রপ্তানির পরিমাণ ৬ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আমরা প্রত্যাশা করছি।”

বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ২০৩৩ সাল পর্যন্ত ওষুধের মেধাস্বত্বে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ছাড়ের প্রস্ঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “এ সুযোগকে কাজে লাগাতে হবে। সরকার দেশের ওষুধশিল্প বিকাশে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ওষুধ রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

‘বাংলাদেশ ওষুধ শিল্প বিশ্ববাসীর নজর কাড়তে সক্ষম হয়েছে’ দাবি করে মন্ত্রী বলেন, সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে সকল পণ্য রপ্তানিতে অধিক গুরুত্ব দিয়েছে, ওষুধ তার মধ্যে অন্যতম। বর্তমানে পৃথিবীর প্রায় ১১৭টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে।

গত ২০১৪-১৫ অর্থবছরে ৭ কোটি ২৬ লাখ (৭২ দশমিক ৬৪ মিলিয়ন) ডলারের ওষুধ রপ্তানি করেছে বাংলাদেশ।

চলতি ২০১৫-১৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ কোটি ডলার। এর মধ্যে প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে ৩ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) এসেছে ওষুধ রপ্তানি থেকে।

এই অংক গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৮ শতাংশ বেশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানির জন্য বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি সনদপ্রাপ্ত হয়েছে। ফলে উন্নত বিশ্বে বাংলাদেশের তৈরি ওষুধ রপ্তানির দরজা খুলে গেছে।”

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের সাড়ে সাত কোটি মানুষের ওষুদের চাহিদার ৭০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন ১৬ কোটি মানুষের চাহিদার ৯৮ ভাগ দেশেই উৎপাদন করা হচ্ছে।

ওষুধ শিল্পের উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় একটিভ ফার্মাসিটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) পার্ক ও কমন ল্যাব স্থাপনের জন্য সরকারের অধিগ্রহণ করা ২০০ একর জমিতে মাটি ভরাটের কাজ চলছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও চীনসহ বিশ্বের ৮০টি দেশের চার শতাধিক কোম্পানি তিন দিনের মেলায় অংশ নেয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। মেলা শেষ হবে ৩০ জানুয়ারি। 

বাংলাদেশওষুধ শিল্প সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি হারুন উর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা আব্দুল মোক্তাদির এবং সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান বক্তব্য রাখেন।