২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ঋণে সুদের হার কমাতে সংসদীয় কমিটির সুপারিশ

ব্যাংক ঋণে সুদের হার কমানোর সুপারিশ জানিয়ে এলক্ষ্যে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 04:42 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

ব্যাংক ঋণে সুদের হার নিয়ে শিল্পোদ্যোক্তাদের অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে ঋণের বিপরীতে যে সুদের হার রয়েছে, সেটা বেশি। বেসরকারি ব্যাংকগুলোতে ১৩-১৪ শতাংশ সুদ আছে।

“যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে সুদের হার ঠিক রয়েছে, তবুও কমিটি মনে করে এ হার কমানো উচিত।”

এ জন্য সংসদীয় কমিটির আগামী বৈঠকে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধিদের ডাকা হবে বলে জানান সাবেক মন্ত্রী রাজ্জাক।

ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণে সুদের হার কমাতে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন।

গত বছরের সেপ্টেম্বরে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই দাবি জানালে তিনি বলেন, “সুদ হার একটা লিমিটে আনা হয়েছে। চেষ্টা করব, সিঙ্গেল ডিজিটে আনতে।”

এর আগে ওই বছরের মে মাসে এক পর্যবেক্ষণে কেন্দ্রীয় ব্যাংক বলে, বাংলাদেশের ব্যাংকগুলো আমানতে সুদের হার যতটা কমিয়েছে, ঋণের সুদের হার ততটা কমায়নি।

ঋণের সুদ হার কমানোর উদ্যোগ যেন নেওয়া হয়, সেজন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

তবে সেই নির্দেশনায় কোনো ফল আসেনি। সম্প্রতি জনপ্রশাসনমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ব্যাংক ঋণে উচ্চ সুদের হার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই কারণেই দেশে বিনিয়োগ হচ্ছে না।  

দুদককে ফের তলব

এদিকে সংসদীয় কমিটির তলবে হাজির না হওয়ায় কমিটির পরবর্তী বৈঠকে বেসিক ব্যাংকের দুর্নীতি ও ঋণ জালিয়াতি নিয়ে আলোচনার জন্য আবারও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করবে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি রাজ্জাক বলেন, “বেসিক ব্যাংকের বিভিন্ন অনিয়মের সঙ্গে পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট খুঁজে পাইনি বলে দুদকের তদন্তে উঠে এসেছে। আমাদের (কমিটির) কাছে এ বিষয়ে যেসব প্রমাণ আছে সেগুলোর একটি সার সংক্ষেপ তৈরি করে দুদককে নিয়ে বৈঠক করব।”

গত অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের তদন্ত নিয়ে দুদককে তলবের সিদ্ধান্ত নিয়েছিল সংসদীয় কমিটি।

গত ২৪ জানুয়ারি তলবের চিঠি দুদকে আসার পর কমিশনের কাছে উপস্থাপন করা হয়। কমিশন সার্বিক বিবেচনা করে দুদকের পক্ষ থেকে কাউকে কমিটির বৈঠকে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে বৃহস্পতিবার একটি সংবাদপত্রে বলা হয়।

এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি রাজ্জাক বলেন, “আসলে আমরা সেভাবে ডাকিনি। আগামী বৈঠকে ডাকা হবে।”

গত অগাস্ট মাসে বেসিক ব্যাংকের অনিয়ম ও ঋণ জালিয়াতির বিষয়ে দুদকের তদন্তে অসন্তোষ প্রকাশ করে সংসদীয় কমিটি।

ওই বৈঠকে সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হয়, জালিয়াতির কারণে কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ব্যাংকটির পরিচালনা পর্ষদ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের বেসিক ব্যাংকের নিয়োগ, ঋণ বিতরণ, অবৈধ উপায়ে অর্থ উত্তোলনসহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত প্রমাণ আছে। সেগুলোরই একটি সার সংক্ষেপ করা হবে।”

সংসদীয় কমিটির বৈঠকে সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী ও আখতার জাহান অংশ নেন।